তিন দিনে সাত গৃহবধূকে হত্যা
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ খুন হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুজন, নওগাঁ সদর উপজেলায় দুজন, টাঙ্গাইলের মির্জাপুরে একজন এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একজন গৃহবধূ খুন হয়েছেন। গত সোমবার, মঙ্গলবার ও বুধবারে এসব ঘটনা ঘটেছে।
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা: স্বজনেরা জানান, গুলিশাখালী গ্রামের হাসান মোল্লা ও জাকির হোসেন ফকিরের মধ্যে পাঁচ একর জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। বুধবার বেলা ১১টার দিকে ওই জমিতে জাকির হোসেন জোরপূর্বক হালচাষ শুরু করেন। এ সময় হাসান মোল্লার অনুপস্থিতে তাঁর স্ত্রী হাসিনা বেগম (৩৪) বাধা দিলে হামলায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): সোমবার রাতে বাহেরচর গ্রামে শিল্পী আক্তার (৩২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর দুটি সন্তান রয়েছে। এ ঘটনায় ওই গ্রামের মাতবররা ঈদের দিন সালিস বৈঠক করেন। তাঁরা স্বামীর পরিবারের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করে গৃহবধূর বাবার পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নেন।
এদিকে ঈদের দিন দুপুরে মানিকপুর গ্রামের পাশে ঢোলভাঙ্গা নদীর ধারের ধঞ্চেখেত থেকে পুলিশ রোজিনা আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় গৃহবধূর মা কুমিল্লার হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের খাতুনের নেছা বাদী হয়ে জামাতা রিকশাচালক মো. হাছানকে (২৮) প্রধান করে ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। সাত মাস আগে তাঁদের বিয়ে হয়।
বাঞ্ছারামপুর থানার ওসি অংশু কুমার দেব বলেন, রোজিনাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে মো. হাছান পলাতক রয়েছেন।
আদমদীঘি (বগুড়া): মঙ্গলবার দুপুরে নওগাঁ সদরের বাঙ্গাবাড়িয়া মহল্লায় ফাতেমা বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামী শহিদুল ইসলামকে আটক করেছে।
নওগাঁ সদরের এনায়েতপুর গ্রামে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় মৌসুমী আকতার নামের এক গৃহবধূকে মঙ্গলবার রাতে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী ফারুক হোসেন, শ্বশুর তোফাজ্জল হোসেন ও শাশুড়ি ফাতেমা বেগম পলাতক রয়েছেন।বুধবার দুপুরের দিকে ঘরে মৌসুমীর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান আশপাশের লোকজন।
মির্জাপুর (টাঙ্গাইল): বাওয়ার কুমারজানী উত্তরপাড়া গ্রামে সোমবার সন্ধ্যায় সুমি আক্তার নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার স্বামী মোশারফ হোসেন বিদেশে থাকেন। দেড় বছর আগে তাঁদের বিয়ে হয়।
নান্দাইল (ময়মনসিংহ): ঈশ্বরগঞ্জ উপজেলার রায়ের বাজারের একটি বাসা থেকে ঈদের রাতে হনুফা খাতুন (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। হনুফার মা ফিরোজা খাতুন জানান, জামাতা রাসেল মিয়া মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের বাড়িতে ফোন করে খবর দেন, হনুফা তাঁর সঙ্গে ঝগড়া করে দরজায় তালা দিয়ে ঘরের ভেতর অবস্থান করছেন। তার পর থেকে রাসেল ফোন বন্ধ করে পলাতক রয়েছেন। পরে বাড়ি থেকে লোক গিয়ে বাসার দরজার তালা ভেঙে হনুফাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ওই দম্পতির চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।