তিন দিনে ১৫০ জন দুস্থের মধ্যে কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দিনে গরম আর রাইতের বেলা হাড় কাঁপানি শীত। এই কম্বল দিয়া বিরাট উপকার হবে, বাবা। এহন আর শীতে কষ্ট পামু না।’ কম্বল পেয়ে মুখ ভরে হেসে কথাগুলো বললেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মনোহর গ্রামের বৃদ্ধ আব্দুল জব্বার। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্ধুসভার সহযোগিতায় গতকাল রোববার ঈশ্বরগঞ্জ মহিলা কলেজ ও বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়। গতকাল, গত শনি ও শুক্রবার ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ১৫০ জন দুস্থকে কম্বল দেওয়া হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ময়মনসিংহ: শহরের সি কে ঘোষ রোডে প্রথম আলোর ময়মনসিংহ কার্যালয় ও বিভিন্ন এলাকায় গত তিন দিনে ৯০ জন দুস্থ শীতার্তকে কম্বল দেওয়া হয়। এর মধ্যে শুক্রবার সকালে প্রথম আলোর কার্যালয়ে কম্বল পেয়ে নওমহল এলাকার বৃদ্ধা ভগবতী বলেন, ‘এহনও দুনিয়ায় আমরার মতো গরিবের জন্যে মানুষ আছে।’ কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক এম এ ওয়ারেছ, বন্ধুসভার তানভীর কায়সার, আহাদ মোহাম্মদ সাঈদ হায়দার, আজিজুর রহমান প্রমুখ।ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): গতকাল বেলা ১১টায় ঈশ্বরগঞ্জ মহিলা কলেজ ও বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে কম্বল বিতরণ করেন কলেজের অধ্যক্ষ মো. মহির উদ্দিন তালুকদার ও মনজু রানী চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক শহিদুল্লাহ, মিতালী পণ্ডিত ও নুরুন্নাহার। পীরগঞ্জ (ঠাকুরগাঁও): পীরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে শনিবার বিকেলে ৫০ জন দুস্থের মধ্যে কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, পূজা উদ্যাপন পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য প্রফুল্ল কুমার রায়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওহাব, বন্ধুসভার বদরুল হুদা, দুলাল, আশা প্রমুখ।