তিন দিনে ২১ জনের সাক্ষ্যগ্রহণ
খুলনার শিশু রাকিব (১২) হত্যা মামলায় আজ মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। খুলনা মহানগর দায়রা জজ আদালতে ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী নাবিল হাসান ওরফে ফাহিমসহ (১০) ছয়জন সাক্ষ্য দেয় আজ। এই নিয়ে তিন দিনে মোট ৪০ সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। কাল বুধবার আরও ১২ জনের সাক্ষ্য গ্রহণ করার কথা রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, আজ বেলা একটা থেকে তিনটা পর্যন্ত ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
এঁদের মধ্যে ছিলেন ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী নাবিল হাসান ওরফে ফাহিম; শরীফ মোটরস নামের গ্যারেজ থেকে যে হাওয়া মেশিন দিয়ে রাকিবের মলদ্বারে হাওয়া ঢোকানো হয়েছিল তা এবং অন্যান্য আলামত জব্দের সাক্ষী সরোয়ার হোসেন ও কামরুল মোল্লা; রাকিব যে দোকানে রং কিনতে গিয়েছিল সেই মুক্তা এন্টারপ্রাইজের মালিক সুমন হাওলাদার; শরীফ মোটরস ছেড়ে রাকিব পরে যেখানে কাজ নেয় সেই নূর মোটরসের মালিক নূর আলম শেখ এবং শরীফ মোটরসের পাশের দোকান সেলিম মোটরসের মালিক মো. সেলিম। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন।
আদালতে নাবিল হাসান বলে, সে শরীফ মোটরসের পাশ দিয়ে যাচ্ছিল। ওই সময় রাকিব মুক্তা এন্টারপ্রাইজ থেকে রং কিনে সাইকেল নিয়ে শরীফ মোটরসের কাছে যেতেই সাইকেল থামিয়ে মিন্টু রাকিবকে পাঁজাকোলা করে দোকানের মধ্যে নিয়ে যায়। এ সময় সাইকেল পড়ে গেলে নাবিল সাইকেলটা নিয়ে দোকানের ওখানে যায়। গিয়ে দেখে মিন্টু রাকিবের মলদ্বারে পাইপ ঢোকায় এবং শরীফ মেশিন চালু করে দেয়। রাকিব যখন চিৎকার করছিল তখন তাঁরা সাটার টেনে দেয়। এ সময় রাকিব বমি করছিল। পরে অবস্থা খারাপ দেখে ওই দুজন রাকিবকে পাশের গুড হেলথ ক্লিনিকে নিয়ে যান। এর পরেই অন্যান্য লোক চলে আসে। নাবিল বাড়ি চলে যায় এবং পরদিন সকালে শোনে রাকিব মারা গেছে।
মামলার বাদী পক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাক্ষ্যগ্রহণকালে তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাক্ষীরা তাঁদের শনাক্ত করেন। আগামীকাল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ডাক্তারসহ ১২ জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।
গত ৫ অক্টোবর শুনানি শেষে মামলার তিন আসামি শরীফ মোটরসের মালিক মো. শরীফ, মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগমের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের পর ১১ অক্টোবর থেকে টানা পাঁচ দিন সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছিলেন মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা।
এর আগে ২২ সেপ্টেম্বর মহানগর দায়রা জজ আদালত রাকিব হত্যা মামলায় অভিযোগপত্র আমলে নেয়। ২৫ আগস্ট রাকিব হত্যাকাণ্ডের ২২ দিনের মাথায় খুলনা মহানগর হাকিম আদালতে তিনজনকে অভিযুক্ত করে এবং ৪০ জনকে সাক্ষী রেখে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক কাজী মোস্তাক আহম্মদ। অভিযোগপত্র নিয়ে বাদীর কোনো আপত্তি না থাকায় ওই দিন খুলনা মহানগর হাকিম আদালত অভিযোগপত্র গ্রহণ করে মহানগর দায়রা জজ আদালতে বিচারিক কাজের নির্দেশ দেন।
এজাহারভুক্ত তিন আসামি ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনজনই বর্তমানে কারাবন্দী।
গত ৩ আগস্ট বিকেলে খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামের একটি মোটরসাইকেলের গ্যারেজে মোটরসাইকেলের চাকায় হাওয়া দেওয়ার কাজে ব্যবহৃত কমপ্রেসর মেশিনের নল রাকিবের মলদ্বার দিয়ে ঢুকিয়ে বাতাস দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং ওই দিন রাত ১০টার দিকে মারা যায়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ মোটরসের মালিক শরীফ, তাঁর সহযোগী মিন্টু এবং শরীফের মা বিউটি বেগমকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার পরদিন রাকিবের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে তিনজনের নামে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।