তিন দিনে ২৫ শিক্ষার্থী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ে গত তিন দিনে ২৫ শিক্ষার্থী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার অসুস্থ হয়ে পড়ে ছয় শিক্ষার্থী।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ষষ্ঠ শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার হঠাৎ করে শ্রেণিকক্ষে মূর্ছা যায়। এ ঘটনার পর একই শ্রেণির আরও পাঁচ শিক্ষার্থী মাথা ঘুরিয়ে অসুস্থ হয়ে পড়ে। গত শনিবার ১০ জন শিক্ষার্থী ও গত রোববার নয়জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তারা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সামসুল হক বলেন, অসুস্থ শিক্ষার্থীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এতে তারা সুস্থ হয়ে ওঠে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তানভীর আহমেদ বলেন, শিক্ষার্থীরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে পর পর তিন দিন শিক্ষার্থীরা অসুস্থ হওয়ায় বিদ্যালয়টিতে এক দিনের জন্য পাঠদান বন্ধ রাখা উচিত।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মসিউর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের এমন অসুস্থ হওয়ার খবর পেয়েছি। আগামী বুধবার (কাল) একজন চিকিৎসক নিয়ে বিদ্যালয়টি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে। এরপরও প্রয়োজনে এক দিন পাঠদান বন্ধ রাখা হবে।’