তিন দিনে ২৫টি বসতঘর তছনছ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নে বন্য হাতির তাণ্ডবে গত তিন দিনে ২৫টি বসতঘর তছনছ হয়ে গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। নষ্ট হয়েছে ধানের বীজতলাসহ খেতের ফসল। আতঙ্কে রয়েছেন ইউনিয়নের ছয় গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ।

স্থানীয় সূত্র জানায়, প্রায় প্রতিবছর জুলাই-আগস্টে ভারত সীমান্ত পেরিয়ে বন্য হাতি এ অঞ্চলে ঢোকে। সাধারণত হাতিগুলো সন্ধ্যার পর লোকালয়ে তাণ্ডব চালায়। দিনের বেলায় পাহাড় ও উঁচু টিলায় অবস্থান নেয়। গত বৃহস্পতিবার রাতে বুনো হাতির পাল উপজেলার কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া, গারোপাড়া, বালুর চর, নয়াপাড়া, সোমনাথপাড়া ও যদুরচর গ্রামে ঢুকে পড়ে। পরদিন শুক্রবার রাতেও একই ঘটনা ঘটে। এ দুই রাতে হাতির পাল ছয় গ্রামের স্বাধীন মিয়া, নুরজাহান বেগম, উমর আলী, নুর ইসলাম, ইলিয়াস আলী, মুখলেছুর রহমান, আতাউর রহমান, জরিফ উদ্দিন, মজল হক, আছিয়া বেওয়ার বাড়িসহ ২৫টি বসতঘর তছনছ করে। এ সময় হাতির আক্রমণে আহত হন পাঁচজন। তাঁদের মধ্যে গুরুতর আহত স্বাধীন মিয়া (৪৫) ও নুরজাহান বেগম (৫৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া প্রায় ১০ হেক্টর ধানের বীজতলাসহ বিভিন্ন ফসলের খেত নষ্ট হয়েছে। শনিবার রাতেও হাতির দল লোকালয়ে নেমে আসে। তবে স্থানীয় লোকজন মশাল জ্বালিয়ে হাতির পাল তাড়িয়ে দেন। গতকাল রোববার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাতির দল গারোপাড়া পাহাড়ে অবস্থান করছিল।

সাতানিপাড়া গ্রামের উমর আলী বলেন, দিনের বেলায় হাতির পাল পাহাড়ের উঁচু টিলায় অবস্থান করে। সন্ধ্যার পরই দল বেঁধে নেমে আসে লোকালয়ে। তারপর এক গ্রাম থেকে আরেক গ্রামে তাণ্ডব চালায়। সন্ধ্যার পর থেকে গ্রামবাসীর মধ্যে হাতি নিয়ে আতঙ্ক বেড়ে যাচ্ছে।

কামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরজাহান বেগম বলেন, এখানকার সীমান্তঘেঁষা গ্রামগুলোয় ভারত থেকে আসা হাতির তাণ্ডব চলছে। তিন দিন ধরে গ্রামের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে। হাতি সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিক বলেন, ‘বিদ্যুতের আলো না থাকায় সন্ধ্যার পর গ্রামগুলো অন্ধকার হয়ে যায়। ফলে হাতির আক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ওই সব গ্রামে বিদ্যুৎ-সংযোগের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছিলাম। ওই সব গ্রামের লোকজনকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’