অপহরণের তিন দিন পরও দিনাজপুরের স্কুলছাত্র সাইয়েদুল মুরসালিনকে উদ্ধার করতে পারেনি পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রাম থেকে সে অপহৃত হয়। মুরসালিন স্থানীয় চেরাডাঙ্গী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রশিদুল ইসলাম নামে এক যুবককে গতকাল শনিবার আটক করা হয়েছে৷ কিন্তু জিজ্ঞাসাবাদে তিনি অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন৷
এদিকে মুরসালিনকে উদ্ধারের ব্যাপারে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম গতকাল শনিবার সকালে দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হিপজুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে অপহরণকারীরা মুরসালিনের বাবা ও মায়ের মুঠোফোনে ফোন করে। তারা মুরসালিনের বাবা মকসেদুল ইসলামের কাছে ছেলের মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করেছে। খোঁজ নিয়ে দেখা গেছে, অপহরণকারীরা পাশের মহরমপুর গ্রামে বাংলালিংক টাওয়ারের নেটওয়ার্কের মধ্যে রয়েছে।
মকসেদুল ইসলাম জানান, অপহরণকারীরা সর্বশেষ শুক্রবার বিকেল পৌনে ছয়টার দিকে ফোন করে রোববার রাত আটটার মধ্যে ৫০ লাখ টাকা জোগাড় করে রাখতে বলেছে৷