তিন দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইন্দিরা রোডে মা-ছেলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কাউকে তিন দিনেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক আজিমউদ্দিন প্রথম আলোকে বলেন, ঘনিষ্ঠ বা পরিচিতজনেরাই এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। দু-এক দিনের মধ্যেই হত্যাকারীদের গ্রেপ্তার করা যাবে। এ পর্যন্ত ১০-১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নারীঘটিত বা সম্পত্তিগত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পুলিশ এখন পর্যন্ত এসব ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন, এ ঘটনার সঙ্গে নিহত ব্যক্তিদের পরিচিত কেউ জড়িত থাকতে পারে। যারা খুন করেছে, তারা মিল্টনের ঘনিষ্ঠ কেউ। বাসার দারোয়ানও পুলিশকে বলেছে, মিল্টনের পরিচিত দুই বন্ধুই এই বাসা থেকে দ্রুতবেগে চলে গেছে। তবে ওই বন্ধুদের সম্পর্কে আর কোনো তথ্য জানাতে পারেনি দারোয়ান।প্রসঙ্গত, গত রোববার রাজধানীর ফার্মগেটের ১৬/এফ ইন্দিরা রোডের বাড়িতে অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে ভার্জিনিয়া রোজারিও (৬৫) ও তাঁর ছেলে ভেলেন্টাইন রোজারিও ওরফে মিল্টন (২৮) নৃশংসভাবে খুন হন। ওই দিন রাতেই ভার্জিনিয়া রোজারিওর মেয়ে সেলিন গোমেজ কুসুম অজ্ঞাত সন্ত্রাসীদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।