সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামে স্কুলছাত্রী বিলকিস খাতুনকে (১২) ধর্ষণের পর হত্যার ঘটনার তিন দিন পরও কেউ গ্রেপ্তার হয়নি।বিলকিসের স্বজনেরা জানায়, বিলকিস খাতুন পার্শ্ববর্তী যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ত। ১৪ মার্চ দুপুরে গ্রামের কেরামত সরদারের বাড়িতে গান করার পর সেখান থেকে খেয়ে বাড়ি ফেরে। ৪০ টাকা নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ভেটখালী বাজারে একটি গাইড বই কিনতে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। ১৬ মার্চ সকালে মাদার নদীতে সাত্তার দোকানদারের বাড়ির পাশে একটি লাশ ভাসতে দেখে তা বিলকিসের বলে শনাক্ত করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, মেয়েটির পরনের পাজামা খোলা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল। শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করার পর লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।