কুমিল্লায় ব্যবসায়ী আহসান হাবিব ওরফে সুমু হত্যা মামলার কোনো আসামিকে তিন দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। তিনি বলেন, হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ ওরফে রাসেল কলেজের কবি নজরুল হলে বসেই রাজনীতি নিয়ন্ত্রণ করতেন। সেখানে তল্লাশি চালিয়ে কাউকে পাওয়া যায়নি।
জানতে চাইলে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সব আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশকে বলা হয়েছে। খুনিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’
গত বৃহস্পতিবার দুপুরে নগরের মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার ব্যবসায়ী আহসান হাবিবকে গুলি করে হত্যা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা৷
বিভিন্ন সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই এজাহারভুক্ত ১৫ আসামিসহ অন্যরা গা ঢাকা দেন। অজ্ঞাতপরিচয় আসামিদের বেশির ভাগই থাকতেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি নজরুল হলে। গতকাল দুপুরে ওই হলে গিয়ে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী রয়েছেন।