তিন দিনেও খোঁজ মেলেনি দুই ছাত্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের সেন্টমার্টিনে নিখোঁজ সাব্বির হাসানের বাবা-মা ছবি নিয়ে কান্নায় ভেঙে পড়েন। ছবিটি আজ বৃহস্পতিবার সাব্বিবের মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির বাসা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
কক্সবাজারের সেন্টমার্টিনে নিখোঁজ সাব্বির হাসানের বাবা-মা ছবি নিয়ে কান্নায় ভেঙে পড়েন। ছবিটি আজ বৃহস্পতিবার সাব্বিবের মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির বাসা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

কক্সবাজারের সেন্টমার্টিনে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ ঢাকার আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের খোঁজ আজ বৃহস্পতিবার দুপুর দুইটা পর্যন্ত মেলেনি। এই দুই ছাত্র হলেন ইশতিয়াক বিন মাহমুদ উদয় ও সাব্বির হাসান।

এর আগে সেন্টমার্টিন থেকে চার ছাত্রের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত সোমবার বেলা দুইটার দিকে সেন্টমার্টিনে সমুদ্রে গোসল করতে নেমে মানফেজুল ইসলাম ইভান (২৩) ও সাদ্দাম হোসেন অঙ্কুরের (২৩) মৃত্যু হয়। এ ঘটনায় আরও চার ছাত্র নিখোঁজ ছিলেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সেন্টমার্টিন থেকে কোস্টগার্ডের সদস্যরা শাহরিয়ার ইসলাম নোমান এবং এস এম গোলাম রহিম বাপ্পীর লাশ উদ্ধার করেন। পরে তাঁদের থানা পুলিশের মাধ্যমে নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন জানান, আজ সকাল থেকে দ্বীপের চারদিকে কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন ও ফিশিং বোট মালিক সমিতির লোকজন নিখোঁজ ছাত্রদের সন্ধানে তত্পরতা চালাচ্ছেন। কিন্তু ইশতিয়াক বিন মাহমুদ উদয় ও সাব্বির হাসানের কোনো সন্ধান মেলেনি।

সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. শহিদ আল আহসান আজ দুপুর দুইটার দিকে জানান, নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারের জন্য কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন বিভিন্নভাবে দ্বীপের চারদিকে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি টেকনাফ ও সেন্টমার্টিন থেকে যেসব মাছ ধরার নৌকা সাগরের দিকে যাচ্ছে, তাদের মোবাইল নম্বর দেওয়া হচ্ছে। সাগরে ভাসমান কিছু দেখতে পেলে কোস্টগার্ডকে জানানোর জন্য তাদের বলা হচ্ছে। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, নিখোঁজ দুই ছাত্রের লাশ গভীর সাগরে ভেসে যেতে পারে। তাই সাগরে সেন্টমার্টিন চ্যানেলে টহলে আসা নৌবাহিনীর জাহাজ বিএন শাপলাকে দ্বীপের ১০ থেকে ১২ কিলোমিটার দূরে অভিযানে থাকতে বলা হয়েছে। সন্ধান না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান চলতে থাকবে।’

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, এ পর্যন্ত উদ্ধার হওয়া চার ছাত্রের লাশ কক্সবাজার সদর হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শেষ বর্ষের ৩৪ ছাত্র গত সোমবার দুপুরে সেন্টমার্টিনে গিয়েছিলেন।