তিন দিনেও গ্রেপ্তার হয়নি গাড়ির মালিক ও চালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের শেওড়াপাড়ায় দম্পতিকে চাপা দিয়ে মেরে ফেলা গাড়িটির মালিক আশিকুর রহমান খান ও গাড়ির চালক তাঁর ছেলে নাসিফ খানকে তিন দিনেও গ্রেপ্তার করতে না পারায় হতাশা প্রকাশ করেছে নিহত ব্যক্তিদের পরিবার।
নিহত আতাউর রহমান ও তাঁর স্ত্রী রওশন আরার একমাত্র ছেলে মো. রায়হান গতকাল শুক্রবার কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, মা-বাবার হত্যাকারীদের তিন দিনেও ধরতে পারল না পুলিশ। সুস্থ মা-বাবা বাসা থেকে বেরিয়ে বড় বোনের বাসায় যাওয়ার জন্য রাস্তায় গেলেন। চার-পাঁচজন যুবক মাতাল হয়ে ফুটপাতে গাড়ি (ঢাকা মেট্রো গ ২১-৮৫৭১) উঠিয়ে তাঁদের চাপা দিয়ে হত্যা করল। তিনি বলেন, ‘সারক্ষণই সবাই কান্নাকাটি করছেন। আমাদের সংসার এখন অচল হয়ে পড়েছে।’
মামলার তদন্ত-তদারক কর্মকর্তা পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জসীমউদ্দিন মোল্লা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ওই গাড়িটির আগের মালিক হাসান হায়দার ও দালাল নাঈমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা বলেছেন, গাড়িটি তাঁরা আশিকুর রহমান নামের একজন ঠিকাদারের কাছে বিক্রি করেছেন। পুলিশ গত বুধবার আশিকুরের বাসায় অভিযান চালাতে গিয়ে দেখে তাঁরা বাসা ছেড়ে পালিয়েছেন। এখন আশিকুর ও তাঁর ছেলে নাসিফ খানকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
ঈদের পরদিন গত বুধবার সকাল ছয়টার পর এলিয়েন মডেলের একটি নীল রঙা টয়োটা গাড়ি শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে হাজি আশ্রাফ আলী মার্কেটের সামনের ফুটপাতে কৃষি মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী আতাউর রহমান (৭৮) ও তাঁর স্ত্রী রওশন আরা বেগমকে (৬০) চাপা দেয়। রওশন আরার পোশাক গাড়ির বাম্পারে আটকে যায়, তারপর তাঁকে অন্তত ২০ গজ টেনেহিঁচড়ে নিয়ে যায়। দুজনই ঘটনাস্থলে মারা যান। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ধরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দপ্তরে অনুসন্ধান চালিয়ে জানা গেছে, ওই গাড়িটির মালিকানা পরিবর্তন হয়। কাগজপত্রে এটির সবশেষ মালিক হাসান হায়দার লেখা থাকলেও তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, তিনি গাড়িটি বিক্রি করে দিয়েছেন এবং সর্বশেষ মালিক আশিকুর রহমান খান। ঘটনার সময় তাঁর ছেলে নাসিফ খান ও তাঁর বন্ধুরা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে পুলিশ জানায়।