নড়াইলের লোহাগড়ার পাংখারচর-লংকারচর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষে ঢুকে এক শিক্ষককে পিটিয়ে জখম করা হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সদস্যরা গত বৃহস্পতিবার তাঁকে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় ছেড়ে দেওয়ার নির্দেশ না মানায় তাঁকে পেটানো হয়েছে।এ ঘটনায় ওই শিক্ষক পরদিন লোহাগড়া থানায় মামলা করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আহত শিক্ষকের নাম চম্পা খানম। ঘটনার পর তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানান, চম্পা খানমের বাঁ চোখ ও বাঁ কানে আঘাতের চিহ্ন আছে।চিকিৎসাধীন চম্পা খানম অভিযোগ করেন, ‘সকাল ১০টায় হঠাৎ করে ক্লাসে ঢুকে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য বরকতউল্লাহ শেখ, সভাপতি তারা মিয়া শেখ, সহসভাপতি জালাল কাজী, সদস্য লিচু কাজী, লায়েব কাজী ও বুলবুল শেখ আমাকে কিল ও ঘুষি মারেন এবং লাঠি দিয়ে পেটান। ওই সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। এখন মামলা করায় তাঁরা আমার বাড়ি লুটপাটসহ বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন।’প্রধান শিক্ষক এখলাছ আলী চৌধুরী বলেন, ‘ঘটনার দিন এক নারীকে সঙ্গে নিয়ে পরিচালনা পর্ষদের সদস্যরা আমাকে বলেন, “একে দিয়ে ক্লাস করান।” আমি তখন বলি, সব কিছুর তো নিয়ম-কানুন আছে। এ সময় তাঁদের হাবভাব ভালো না দেখে পঞ্চম শ্রেণীর ক্লাসে ঢুকি। সঙ্গে সঙ্গে তাঁরাও ওই কক্ষে ঢুকে চম্পা খানমকে মারধর করেন।’ পরিচালনা পর্ষদের সহসভাপতি জালাল কাজী বলেন, ‘শিক্ষিকাকে মারধর করি নাই। ছাত্রছাত্রীদের বের করে দিয়ে ক্লাস বন্ধ করে দিয়েছি।’ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শেখ সাইফুল ইসলাম মারধরের সত্যতা স্বীকার করে বলেন, ‘তাদের গ্রেপ্তারের জন্য গত দুই রাতে অভিযান চালিয়েছি। তারা পালাতক রয়েছে।’