তিন দিনেও জানা গেল না আসল না নকল!
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা ‘আগ্নেয়াস্ত্রসদৃশ’ বস্তুগুলো এখনো শুল্ক গুদামেই পড়ে আছে। এগুলো আসল অস্ত্র কি না, তিন দিনেও নিশ্চিত হওয়া যায়নি। নিশ্চিত হতে শুল্ক কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগের তথ্যও পাওয়া যায়নি।
গত মঙ্গলবার বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিক মনির বেন আলী ও আনিসুল ইসলাম তালুকদারের ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে তাঁদের ব্যাগে নয়টি অস্ত্রসদৃশ বস্তু ও ১২ বোতল বিদেশি মদ পাওয়া যায় বলে শুল্ক কর্মকর্তারা দাবি করেছেন। এ ঘটনায় মনির ও আনিসুলকে আটক করে বিমানবন্দর থানা-পুলিশে সোপর্দ করেন শুল্ক কর্মকর্তারা। এ ব্যাপারে মঙ্গলবার রাতেই বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। এই মামলার দুই আসামি মনির ও আনিসুল তিন দিনের রিমান্ডে আছেন। আজ তাঁদের রিমান্ডের শেষ দিন।
পুলিশ বলেছে, রিমান্ডে দুই আসামি বস্তুগুলোকে খেলনা পিস্তল হিসেবে দাবি করেছেন। এগুলো আসল না নকল—জানতে চাইলে গতকাল সন্ধ্যায় বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া বলেন, অস্ত্রগুলো শুল্ক কর্তৃপক্ষ এখনো পুলিশের কাছে হস্তান্তর করেনি। হস্তান্তর করলে অস্ত্রগুলো পরীক্ষা করা হবে। অস্ত্রগুলো চেয়ে শুল্ক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
তবে এ-সংক্রান্ত কোনো চিঠির তথ্য ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমানের কাছে নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, আদালতের অনুমতি নিয়ে পুলিশ অস্ত্রসদৃশ বস্তুগুলো সংগ্রহ করে পরীক্ষা করতে পারবে। অস্ত্রসদৃশ বস্তুগুলো জব্দের পর এখন শুল্ক গুদামে রাখা হয়েছে।