তিন দিনেও জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গোপীবাগে বাবা-ছেলেসহ ছয়জনকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের তিন দিনেও শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গতকাল মঙ্গলবার পুলিশ বলেছে, হত্যাকাণ্ডের সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্ত অন্তত ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এই মামলা তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার সন্ধ্যায় গোপীবাগের একটি চারতলা বাড়ির দোতলার বাসায় লুৎফোর রহমান, তাঁর বড় ছেলে সরোয়ারুল ইসলাম এবং লুৎফোরের ভক্ত ও খাদেম শাহিন মৃধা, মনজুর আলম, মজিবুল সরকার ও রাসেল ভূঁইয়াকে জবাই করে হত্যা করা হয়। নিজেকে ইমাম মাহদির প্রধান সেনাপতি দাবি করা লুৎফোর প্রচলিত ধর্মীয় রীতিনীতি, ধর্মীয় সংগঠন ও নেতাদের ঘোর বিরোধী ছিলেন। এ কারণে উগ্র কোনো গোষ্ঠী এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পরিবার ও পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, হত্যাকাণ্ডের সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গোয়েন্দা সূত্র জানায়, এর আগে এ ধরনের যত হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর প্রকৃতির সঙ্গে গোপীবাগের হত্যার বিভিন্ন দিক খোঁজার চেষ্টা চলছে। এ ছাড়া লুৎফোরের পরিবার, পরিচিতজন, প্রতিবেশীসহ সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।