তিন দিনেও নিহত দুই জঙ্গির লাশ নিতে আসেনি কেউ
বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই ‘জঙ্গির’ লাশ তিন দিন ধরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে রয়েছে। গতকাল বুধবার পর্যন্ত কেউ লাশ নিতে আসেনি। লাশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে আবেদনও করা হয়নি।
‘বন্দুকযুদ্ধে’ নিহত ওই দুজন হলেন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) উত্তরাঞ্চলের সামরিক শাখার প্রধান খালিদ হাসান এবং সংগঠনটির আত্মঘাতী স্কোয়াডের সদস্য ও ‘আনসার রাজশাহী’ নামে আরেকটি জঙ্গিগোষ্ঠীর প্রধান ইব্রাহীম গোলাম তারেক ওরফে রিপন।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শাহ আলম গতকাল সন্ধ্যা সাতটায় প্রথম আলোকে বলেন, নিহত দুই জঙ্গির লাশ কেউ নিতে আসেনি। দুটি লাশই মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, মর্গে কত দিন লাশ সংরক্ষণ করা সম্ভব তা হাসপাতাল প্রশাসনের ওপর নির্ভর করছে। লাশ নিতে কেউ না এলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেওয়া হবে। সে জন্য আরও দু-এক দিন অপেক্ষা করা হবে।
গত রোববার দিবাগত রাতে শেরপুর উপজেলার নলুয়াপাড়া মোড় এলাকায় পুলিশের সঙ্গে জঙ্গিদের ‘বন্দুকযুদ্ধে’ খালিদ হাসান ও ইব্রাহীম গোলাম তারেক নিহত হন। খালিদ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হামিদপুর গ্রামের এনামুল হকের ছেলে। তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার গোলনুরপুর গ্রামে নানাবাড়িতে থাকতেন। দিনাজপুরের দুটি মন্দিরে জঙ্গি হামলা, পেট্রলপাম্পে ডাকাতি ও ইতালীয় নাগরিকের ওপর হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে দিনাজপুর ও কাহারোল থানায় চারটি মামলা রয়েছে।
অন্যদিকে ইব্রাহীম গোলাম তারেক রাজশাহীর বোয়ালিয়া থানার পাঠানপাড়ার গোলাম সবুরের ছেলে। ‘আনসার রাজশাহী’ নামে জঙ্গি সংগঠনের নেতৃত্বদানের অভিযোগে পুলিশ গত ১৬ আগস্ট রাজশাহীর বাগমারা থানায় তাঁর বিরুদ্ধে মামলা করে।