তিন দিনেও পরিকল্পনামন্ত্রীর ফোন উদ্ধার হয়নি
তিন দিন আগে ছিনতাই হওয়া পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মুঠোফোনটি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পর তা বন্ধ করে ফেলা হয়। এখন পর্যন্ত মুঠোফোন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আবু আজিজ প্রথম আলোকে বলেন, ‘পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান স্যারের ছিনতাই হয়ে যাওয়া মুঠোফোন উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এখনো মুঠোফোন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, গত রোববার সন্ধ্যা সাতটার দিকে তিনি নিজ দপ্তর থেকে বাসার দিকে যাচ্ছিলেন। বিজয় সরণি গিয়ে যানজটে পড়েন। তখন মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় গাড়ির জানালা খোলা ছিল। তখন এক ছিনতাইকারী তাঁর মুঠোফোন টান দিয়ে নিয়ে যান।
মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় কাফরুল থানায় মামলা করেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবীর।
এজাহারে বলা হয়, পরিকল্পনামন্ত্রী রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অফিস থেকে সরকারি গাড়ি নম্বর ঢাকা মেট্রো ঘ-১৮-৫৮২৪–তে করে বেইলি রোডে নিজ বাসার উদ্দেশে রওনা হন। বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মন্ত্রী গাড়ির জানালা খুলে মুঠোফোনে কথা বলছিলেন। ওই সময় অজ্ঞাতনামা এক চোর মন্ত্রীর ব্যবহৃত আইফোন এক্স হাত থেকে টান মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গাড়িতে বসা মন্ত্রীর গানম্যান অজ্ঞাতনামা ওই ছিনতাইকারীর পেছনে ধাওয়া করলেও পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজয় সরণির ঠিক যেখান থেকে মুঠোফোনটি ছিনতাই করেছে, সেই স্থানটি কাফরুল থানার আওতাধীন।