রংপুরে বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) রংপুর কার্যালয়ের হিসাবরক্ষক আবদুর রহমান খুনের ঘটনায় তিন দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগ রংপুর শাখা গতকাল বুধবার থেকে তিন দিনব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচি শুরু করেছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বের করার জন্য তদন্ত চালাচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, তদন্ত চলাকালে এ ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, আবদুর রহমান গত শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেননি। তাঁর স্ত্রী জিন্নাত আরা এ ব্যাপারে কোতোয়ালি থানায় গত রোববার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রোববার মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকার ধানখেত থেকে পুলিশ আবদুর রহমানের মৃতদেহ হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। আবদুর রহমানের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।