সাবেক সেনা কর্মকর্তা ওয়াজি আহম্মেদ চৌধুরী হত্যার কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আবদুল আহাদকে তিন দিনেও গ্রেপ্তার করতে পারেনি।
গত বুধবার সকালে মহাখালীর ডিওএইচএসের বাসায় সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ওয়াজি আহম্মেদ চৌধুরীকে শ্বাসরোধ করে হত্যা করে ওই বাসা থেকে টেলিভিশন, ল্যাপটপ ও মুঠোফোন নিয়ে যাওয়া হয়। ঘটনার পর পালিয়ে যাওয়া কর্মকর্তার বাড়ির তত্ত্বাবধায়ক আবদুল আহাদকে প্রধান আসামি করে কাফরুল থানায় হত্যা মামলা করা হয়।
গতকাল শুক্রবার কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ এখনো সাবেক সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। এজাহারভুক্ত আবদুল আহাদ গ্রেপ্তার হলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার বাদী ওয়াজি আহম্মেদের ভাতিজা রেশাদ আহমদ চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ঘটনা ভিন্ন খাতে নিতে খুনিরা ডাকাতির নাটক সাজিয়েছে। শুধু মালামাল লুটের জন্য খুন করা হয়নি। বাসায় ১০ লাখ টাকার বেশি সোনার গয়না থাকলেও তা নেওয়া হয়নি।
রেশাদ বলেন, খুনের পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। পুলিশ এ রকম মনে করছে। পুলিশের তদন্তে তা বেরিয়ে আসবে বলে তিনি আশা করছেন।