শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাদ্রাসাছাত্রীর (১৪) পেটে ছুরিকাঘাত করার ঘটনায় করা মামলার আট আসামিকে তিন দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গনি প্রথম আলোকে জানান, ‘আসামি ধরতে ব্যর্থ হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামকে গতকাল বৃহস্পতিবার সকালে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে এসআই আজিজুর রহমানকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’ ওসি জানান, আসামিদের গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে।মেয়েটির অবস্থা সংকটাপন্ন: আহত মেয়েটিকে গত বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। তার চিকিৎসায় রাতে চিকিৎসকদের সভা হওয়ার কথা রয়েছে।চিকিৎসার ভার নিলেন প্রধানমন্ত্রী: আহত ছাত্রীর চিকিৎসার ব্যয়ভার নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার বিকেলে হাসপাতালে মেয়েটিকে দেখার পর সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক দীনা হক। তিনি মেয়েটির চিকিৎসার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। মেয়েটির চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার পরিবারের কাছে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। এ সময় ময়মনসিংহ-৪ আসনের সাংসদ মো. মতিউর রহমান ও জেলা প্রশাসক লোকমান হোসেন মেয়েটির চিকিৎসার জন্য পাঁচ হাজার করে টাকা দেন।চিকিৎসা-সহায়তা পেয়ে মেয়েটির মা জানান, ‘প্রধানমন্ত্রীরে আল্লাহ বাঁচাইয়া রাহুক। আমগর এমুন বিপদের সময় তিনি সহযোগিতার করুনের লাইগা টেহা পাডাইছেন।’ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত সোমবার রাতে নালিতাবাড়ীর নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামের মাদ্রাসাছাত্রীর পেটে ছুরিকাঘাত করে পাশের নিশ্চিন্তপুর গ্রামের বখাটে মো. সোহেল মিয়া। এ ঘটনায় মেয়েটির বাবা বখাটে সোহেলসহ আটজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে নালিতাবাড়ী থানায় তিনটি মামলা করেন।