তিন দিনেও মামলা নেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় একজন মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে জখমের ঘটনায় গতকাল বুধবার পর্যন্ত মামলা নেয়নি পুলিশ। পরিবারটি তিন দিন আগে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ বলছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর মামলা রেকর্ড করা হবে।
উপজেলার বাশুয়াড়ী গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা জি এম গোলাম কিবরিয়াকে (৬৫) গত রোববার রাতে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলাম কিবরিয়ার ছেলে সাদ্দাম হোসেন বলেন, ঘটনার পরদিন সোমবার তিনি অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত মামলা রেকর্ড হয়নি। পুলিশ স্পষ্ট করে কিছু বলছেও না।
পরিবারটি বলছে, মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী হান্নান শেখের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ ছাড়া স্থানীয় শুভরাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস আলী গত রোজার ঈদের সময় ভিজিএফের চাল পাচার করছিলেন। গোলাম কিবরিয়া লোকজন নিয়ে ওই চাল আটক করেন। এর পরিপ্রেক্ষিতে হান্নান ও ইদ্রিস সহযোগীদের নিয়ে রোববার রাত আটটার দিকে গোলাম কিবরিয়াকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে এবং পরে রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন।
চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি খুবই অসুস্থ। আমার মাথার ডান পাশে, হাঁটুর নিচে এবং দুই হাতের কনুইয়ে রামদার কোপ রয়েছে। এসব জায়গায় প্রচণ্ড যন্ত্রণা করছে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে।’ তাঁর দাবি, হামলাকারীরা তাঁকে হত্যা করতে চেয়েছিলেন।
অভয়নগর থানার ওসি আনিসুর রহমান গতকাল দুপুরে বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত মামলা রেকর্ড হয়নি। তবে হবে। এসপি সাহেবের (জেলা পুলিশ সুপার আনিসুর রহমান) সঙ্গে কথা বলে মামলা রেকর্ড করব।’