যশোরের শার্শা উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা খুনের তিন দিন পার হলেও থানায় মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটকও করতে পারেনি পুলিশ। উল্টো খুনিরা মুঠোফোনে নিহত ব্যক্তির পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।উপজেলার পুটখালী ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাককে (৫২) গত শনিবার সন্ধ্যার দিকে স্থানীয় মহিষাডাঙ্গা এলাকায় একটি রাস্তার পাশে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার একটু আগে একই স্থানে সন্ত্রাসীদের হাতে আহত হন আবদুর রাজ্জাকের চাচাতো ভাই ইব্রাহিম খলিল, বড় ছেলে শামীম আক্তারসহ তিনজন।আহত ইব্রাহিম খলিল প্রথম আলোকে জানান, শনিবার বেলা চারটার দিকে অসুস্থ এক আত্মীয়কে বারোপোতা বাজারে নিয়ে যাচ্ছিলেন। তাঁরা মহিষাডাঙ্গা গ্রামের দুই রাস্তার মোড়ে পৌঁছালে সাত-আটজন সন্ত্রাসী তাঁকে মারধর করে। একপর্যায়ে তিনি দৌড়ে পালিয়ে বারোপোতা বাজারে যান। সেখানে ভাতিজা শামীমকে বিষয়টি জানালে তিনি তাঁর বন্ধু রনিকে নিয়ে ঘটনাস্থলে যান। তখন তাঁদেরও মারধর করা হয়। খবর পেয়ে আবদুর রাজ্জাক পুলিশকে ফোন করেন এবং ছেলেকে উদ্ধার করতে নিজের গাড়িতে করে ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে পৌঁছালে তাঁকে দা দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খুনিদের নাম-ঠিকানা পুলিশ উদ্ধার করেছে। কিন্তু আবদুর রাজ্জাকের পরিবারের পক্ষ থেকে মামলা না দেওয়ায় তাদের আটক করা যাচ্ছে না। তিনি আরও বলেন, পুলিশ কয়েকজনকে আটক করতে চাচ্ছে। কিন্তু নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, তাঁরা যাদের নামে মামলা দেবেন, শুধু তাদেরই আটক করতে হবে। তবে ইব্রাহিম খলিল অভিযোগ করেন, মামলায় কারও নাম না দিতে মুঠোফোনে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, নাম দিলে তাঁদেরও আবদুর রাজ্জাকের পরিণতি বরণ করতে হবে। এতে করে তাঁরা চরম আতঙ্কে রয়েছেন।