ইলিশের এই ভরা মৌসুমে পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক গতকাল রোববারও বন্ধ থাকায় বিপাকে পড়েছেন মাছ ব্যবসায়ীরা। বঙ্গোপসাগরে প্রচুর ইলিশ ধরা পড়লেও সড়কপথে বাজারজাত করতে না পারায় এসব মাছের দাম মণপ্রতি চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কমে যাচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
কলাপাড়া ফেরিঘাটে গতকাল গিয়ে দেখা গেছে, সওজ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে শ্রমিকেরা বেইলি সেতুর বাঁকা হওয়া বিম পাল্টানোর কাজ করছেন। সেই সঙ্গে বাল্কহেড, র্যাকার ও ক্রেনের সাহায্যে ডুবে যাওয়া পন্টুনটি টেনে তীরে এনে পানি সেচ করা হচ্ছে। শুক্রবার ভোরে একটি রডবোঝাই ট্রাক বেইলি সেতুর পাটাতন ভেঙে ডুবে যায়।
এদিকে মহিপুর বন্দর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি দিদারউদ্দিন আহমেদ জানান, প্রতিদিন এসব মোকাম থেকে দুই থেকে আড়াই কোটি টাকার ইলিশ বাজারজাত করা হয়। সড়ক বন্ধ থাকায় গত তিন দিনে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে ইলিশ ব্যবসায়ীদের।