তিন দিনেও সন্ধান নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাউন্সিলরের সঙ্গে অপহূত (বাঁ থেকে) স্বপন, তাজুল, লিটন ও জাহাঙ্গীর
কাউন্সিলরের সঙ্গে অপহূত (বাঁ থেকে) স্বপন, তাজুল, লিটন ও জাহাঙ্গীর

সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম এবং জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমারসহ অপহূত সাতজনের সন্ধান গতকাল মঙ্গলবারও মেলেনি। গত রোববার দুপুরে তাঁরা অপহূত হন।
তিন দিনেও অপহূত ব্যক্তিদের সন্ধান না মেলায় তাঁদের স্বজনেরা উৎকণ্ঠা ও আতঙ্কে আছেন। অপহূত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আইনজীবীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
আগের দিনের মতো গতকালও কাউন্সিলর নজরুলের সমর্থকেরা সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ রাখেন। এ জন্য তাঁরা টায়ারে অগ্নিসংযোগ করেন। দ্রুত অপহূত ব্যক্তিদের খুঁজে বের করার আশ্বাস দিলে তাঁরা দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেন। তবে আজ দুপুর ১২টার মধ্যে তাঁকে উদ্ধার করা না হলে লাগাতার অবরোধের ঘোষণা দেন নজরুল-সমর্থকেরা।
চন্দন কুমার সরকার অপহরণের প্রতিবাদে গতকাল দ্বিতীয় দিনের মতো আইনজীবীরা আদালত বর্জন করে বিক্ষোভ করেছেন। তাঁরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ থেকে আজ বুধবার দুপুর ১২টার মধ্যে চন্দন সরকার ও তাঁর গাড়িচালককে উদ্ধারে প্রশাসনকে সময় বেঁধে দেওয়া হয়।

কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লিঙ্ক রোড এলাকা অবরোধ করা হয়। এ সময় অবরোধ তুলে নিতে নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামকে অনুরোধ করেন পুলিশ ।  ছবি: প্রথম আলো
কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লিঙ্ক রোড এলাকা অবরোধ করা হয়। এ সময় অবরোধ তুলে নিতে নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামকে অনুরোধ করেন পুলিশ । ছবি: প্রথম আলো

নজরুল ইসলাম অপহরণের ঘটনায় আরেক কাউন্সিলর নূর হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা দায়েরের পর আসামিদের ধরতে পুলিশ অভিযান চালিয়েছে বলে দাবি করেছে। তবে কেউ ধরা পড়েনি।
আইনজীবীদের প্রতিবাদ সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান সভাপতিত্ব করেন। সভায় বক্তারা প্রশাসন ও পুলিশের ভূমিকায় হতাশা ব্যক্ত করেন। ক্ষোভে ফেটে পড়েন তরুণ আইনজীবীরা। তাঁরা কঠোর আন্দোলনের দাবি জানান। পরে আইনজীবীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে সমাবেশ করেন।
আইনজীবী সমিতির সভাপতি বলেন, চন্দন সরকারের গাড়িটি রোববার রাত থেকে গুলশানের নিকেতনে পড়ে ছিল। সোমবার রাতে গাড়িটি উদ্ধার দেখায় পুলিশ। এ থেকে পরিষ্কার, অপহূত আইনজীবীকে উদ্ধারে পুলিশের কোনো তৎপরতা ছিল না। আজ দুপুর ১২টার মধ্যে তাঁকে অক্ষত অবস্থায় ফেরত না পেলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
চন্দন সরকারকে জীবিত ফেরত চেয়ে সিপিবি, ন্যাপ, ছাত্র ইউনিয়ন ও ছাত্র সমিতির সাবেক নেতা-কর্মীদের সংগঠন ‘সমমনা’ বিবৃতি দিয়েছে। তারা বলেছে, নারায়ণগঞ্জের সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় প্রশাসনের ব্যর্থতাই প্রকট হয়ে উঠেছে।
সুশাসনের জন্য নাগরিকও (সুজন) সমাবেশ করে চন্দন সরকার ও তাঁর গাড়ির চালককে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বলেন, ‘আমাদের ধারণা ছিল, কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারের নিখোঁজ হওয়ার ঘটনা দুটি ভিন্ন। তবে চন্দন সরকারের গাড়িটি উদ্ধারের পর আমরা মনে করছি, দুটি ঘটনায় যোগসূত্র রয়েছে। চন্দন সরকার সম্পর্কে খোঁজ নিয়ে আমরা তাঁর সম্পর্কে যে রকম জেনেছি, তাতে তিনি অপহরণকারীদের টার্গেট ছিলেন বলে মনে হয় না। হয়তো ভুলক্রমে তাঁকে অপহরণের ঘটনা ঘটতে পারে। তবে কোনো বিষয়েই এখন পর্যন্ত আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। তবে কিছু তথ্য পেয়েছি, তদন্তের স্বার্থে সেগুলো প্রকাশ করা যাচ্ছে না। আমরা তাঁদের উদ্ধারের ক্ষেত্রে আশাবাদী।’
নজরুল ইসলাম অপহরণের ঘটনায় করা মামলার আসামিদের ধরতে পুলিশ রাতভর অভিযান চালিয়েছে বলে জানান এসপি। আসামিরা যাতে দেশত্যাগ না করতে পারে, সে জন্য ইমিগ্রেশনকে অবহিত করা হয়েছে।
অপহূত ব্যক্তিদের উদ্ধারে পুলিশ ১২ সদস্যের তদন্ত কমিটি করেছে। কমিটির প্রধান করা হয়েছে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমানকে। বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক অপহরণের পরও জেলা পুলিশ এ ধরনের তদন্ত কমিটি গঠন করেছিল।
অপহূতদের পরিবারে আতঙ্ক: তিন দিনেও উদ্ধার বা খোঁজ না পাওয়ায় অপহূত সাতজনের পরিবারের সদস্যরা উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। চন্দন সরকারের মেয়ে সুসিঞ্চতা সরকার বলেন, ‘আমার বাবার গাড়ি উদ্ধার হয়েছে। কিন্তু আমার বাবার খোঁজ মেলেনি। আমার বাবার কোনো শত্রু নেই। তিনি কেন অপহরণের শিকার হবেন? ঘটনার তিন দিনেও কেন রাষ্ট্র তাঁর সন্ধান দিতে পারে না? আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত আমার বাবাকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হোক।’
নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম অভিযোগ করেন, তাঁর স্বামীসহ সবাইকে অপহরণ করেছে নূর হোসেন, ইয়াসিন ও তার ক্যাডাররা। কিন্তু তিন দিনেও পুলিশ তাদের আটক করেনি। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলেই অপহূতদের খোঁজ পাওয়া যাবে।
সেলিনা ইসলাম বলেন, ‘মামলার অন্যতম দুই আসামি ইয়াসিন মিয়া ও হাসু ইতিমধ্যে দেশ ছাড়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে আমি জানতে পেরেছি। আসামিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি জেলা পুলিশ সুপারকে অনুরোধ জানিয়েছি।’
সিটি করপোরেশন কাউন্সিলরদের উদ্বেগ: অপহরণ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ কাউন্সিলর গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা অপহূত ব্যক্তিদের উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অপহূত ব্যক্তিরা উদ্ধার না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তাঁরা।