তিন দিনেও সন্ধান মেলেনি অপহৃত ছাত্রের, গ্রেপ্তার আরও একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র তারিকুল ইসলামকে অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম সুপন কান্তি নাথ। গত রোববার সন্ধ্যায় হাটহাজারী থানা-পুলিশের সহযোগিতায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন জোবরা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে।
পেশায় নির্মাণশ্রমিক সুপনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট এলাকায়। এর আগে রোববার ভোরে অপহরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকার দোকানি পিন্টু রুদ্রকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে গত শুক্রবার অপহৃত হওয়ার পর তারিকুল ইসলামকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে সুপনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অপহরণের কারণ সম্পর্কে তাঁরা নিশ্চিত হয়েছেন। তারিকুলকে উদ্ধারের আগে এ বিষয়ে তিনি কিছু বলতে চান না।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটক এলাকায় তারিকুলের বন্ধু ও ব্যবস্থাপনা বিভাগের ছাত্র নুরুল্লাহকে মারধর করে একটি প্রাইভেট কারে তুলে নেয় চার দুর্বৃত্ত। এরপর তাঁর মুঠোফোন দিয়ে তারিকুলকে ফোন করে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় আসতে বলে। তারিকুল সেখানে যাওয়ার পর দুর্বৃত্তরা নুরুল্লাহকে ছেড়ে দিয়ে একই গাড়িতে তারিকুলকে তুলে অজ্ঞাত জায়গায় নিয়ে যায়। এ ঘটনায় শনিবার দুপুরে তারিকুলের সহপাঠী আল আমিন নগরের পাঁচলাইশ থানায় অপহরণ মামলা করেন।