সিলেটের প্রাচীন সংগঠন সিলেট স্টেশন ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান বরেণ্য ব্যক্তিদের সম্মাননার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনী দিনে বৃহত্তর সিলেটের বরণ্যে সন্তানদের সম্মাননা দেওয়া হয়। পরবর্তী দুই দিন সম্মাননার পাশাপাশি সিলেটের ইতিহাস ও সংস্কৃতিবিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। উদ্বোধনী দিনে গতকাল বৃহত্তর সিলেটের আট বরণ্যে সন্তানকে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁরা হলেন: মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত বীর উত্তম (মুক্তিযুদ্ধ), ব্রিগেডিয়ার অধ্যাপক (অব.) আবদুল মালিক (স্বাস্থ্য), জেবা রশীদ চৌধুরী (গার্লস গাইড), ফারুক চৌধুরী (কূটনীতি), ছদরুদ্দিন আহমদ চৌধুরী (শিক্ষা), নাসির এ চৌধুরী (ব্যাংকিং ও বিমা), স্যার ফজলে হাসান আবেদ (সমাজসেবা) ও সৈয়দা রিজওয়ানা হাসান (পরিবেশ)। সিলেট স্টেশন ক্লাবের ২৭ জন আজীবন সদস্যকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়। দ্বিতীয় দিন আজ বিকেলে ‘সিলেট-আসামের জানা-অজানা অধ্যায়’ শীর্ষক আলোচনা সভায় আলোচক হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও বাংলা বিভাগের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী উপস্থিত থাকবেন। এদিন বৃহত্তর সিলেটের বরেণ্য সন্তান হিসেবে চলচ্চিত্রে অবদানের জন্য অভিনেতা খলিলউল্লাহ খান, শিক্ষায় সাংসদ হাফিজ মজুমদার, সাংবাদিকতায় সালেহ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিতে জামিলুর রেজা চৌধুরী, সংগীতে সুজেয় শ্যামকে সম্মাননা দেওয়া হবে। সমাপনী দিন কাল শনিবার বিকেলে ১২৫ জন শিল্পীর পরিবেশনায় ‘মুক্তির গান’ অনুষ্ঠান হবে। এরপর ক্রীড়াবিদ রণজিৎ দাস ও ভাস্করশিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদকে সম্মাননা দেওয়া হবে।