তিন দিনের কথক নৃত্য উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মণিপুরি থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দলীয় পরিবেশনা l ছবি: সাবিনা ইয়াসমিন
মণিপুরি থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দলীয় পরিবেশনা l ছবি: সাবিনা ইয়াসমিন

ছায়ানট মিলনায়তনের দর্শক সারিতে আলাদা একটি আসন পাতা। আসনটির পাশে রাখা ফুলদানিতে শোভা পাচ্ছে ফুল। দর্শকের ভেতর থেকে হেঁটে এসে সেই আসনে আসীন হলেন পণ্ডিত বিরজু মহারাজ। তাঁকে সম্মান জানিয়ে দাঁড়িয়ে গেলেন সবাই।
গতকাল শনিবার সন্ধ্যায় কথক নৃত্য সম্প্রদায়ের আয়োজনে তিন দিনব্যাপী ‘কথক নৃত্য উৎসবে’র উদ্বোধন করেন নাচের এই কিংবদন্তিতুল্য শিল্পী। প্রদীপ জ্বালিয়ে উৎসব উদ্বোধনের পর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তিনি খুব খুশি যে এ রকম একটি উৎসব শুরু হয়েছে। এদের মধ্যে প্রায় সবাইকেই তিনি শিখিয়েছেন ও আশীর্বাদ দিয়েছেন। রঙ্গমঞ্চ তাঁর কাছে মন্দিরের মতো। মন্দিরতুল্য এই মঞ্চই তাঁকে আজকের এই স্থানে নিয়ে এসেছে।
এরপর তাঁকে উৎসব স্মারক, শাল, ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা। প্রতিবারের মতো এবারও জীনাৎ জাহান স্মৃতি সম্মাননা দেয় সংগঠনটি। সম্মাননা দেওয়া হয় বিরজু মহারাজের প্রধান শিষ্য শাশ্বতী সেনকে। বক্তব্য দেন সংগঠনের প্রধান সাজু আহমেদ, নৃত্যশিল্পী সংস্থার কেন্দ্রীয় সভাপতি মিনু হক, নৃত্যপরিচালক লায়লা হাসান ও আনিসুল ইসলাম।
বক্তব্যের পর ‘গুরুশিষ্য পরম্পরা’ শিরোনামে কথক নৃত্য পরিবেশন করে বিভিন্ন সংগঠন। তিন দিনব্যাপী এই উৎসব শেষ হবে কাল ২৬ ডিসেম্বর।
শুরু হলো মণিপুরি থিয়েটারের নাট্যোৎসব
মৌলভীবাজারের কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামের নাট্যদল মণিপুরি থিয়েটার। প্রতিষ্ঠার দুই দশক উদ্যাপনের অংশ হিসেবে গেল অক্টোবর-নভেম্বর মাসে দলটির নিজস্ব স্টুডিও থিয়েটার নাটমণ্ডপে অনুষ্ঠিত হয়েছে নাট্যোৎসব। এবার কমলগঞ্জ থেকে দলটি এসেছে রাজধানী শহরে। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয়েছে ‘অঙ্গে রঙ্গে কথায় ছন্দে জাগো’ শিরোনামে পাঁচ দিনের নাট্যোৎসব। এ উৎসবের সহযোগিতা করেছে সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি।
মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে নাট্যোৎসবের উদ্বোধন করেন নৃত্যগুরু কলাবতী দেবী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।
উদ্বোধনী সন্ধ্যায় ছিল সাধনা ও মণিপুরি থিয়েটার পরিচালিত নৃত্য প্রশিক্ষণ প্রকল্পর একটি বিশেষ পরিবেশনা। এ ছাড়া দলটির ২০ বছরের প্রযোজনা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর মঞ্চস্থ হয় মণিপুরি থিয়েটারের নাটক লেইমা। ফেদেরিকো গার্সিয়া লোরকার গল্প অবলম্বনে নাটক নির্দেশনা দিয়েছেন শুভাশীষ সিনহা।
প্রতিদিন সন্ধ্যা সাতটায় থাকবে নাটকের প্রদর্শনী। আজ উৎসবের দ্বিতীয় দিন মঞ্চস্থ হবে ইঙাল আঁধার পালা। বেলা তিনটায় থাকবে নাট্যকর্মীদের অংশগ্রহণে ‘আমাদের নাট্য ভাষা: সংকট ও সম্ভাবনা’ বিষয়ে মুক্ত আলোচনা।