তিন দিনের কর্মসূচি শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকচিত্র প্রদর্শনী, গণসংগীত, স্মৃতিচারণাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে গণজাগরণ মঞ্চের বর্ষপূর্তির দ্বিতীয় দিন। আজ শুক্রবার তিন দিনের এই কর্মসূচি শেষ হবে।
শাহবাগে গতকাল বেলা তিনটা ২০ মিনিটে গণসংগীতের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। একে একে গান পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী, সাংস্কৃতিক ইউনিয়ন, ঋষিজ শিল্পীগোষ্ঠী ও গণজাগরণ মঞ্চের কর্মীরা। বিকেল পাঁচটায় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এর পর আবার হয় শিল্পীদের পরিবেশনায় গণসংগীত।
গণসংগীতের পর শুরু হয় স্মৃতিচারণা। বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার বার্তাপ্রধান জ ই মামুন, এটিএন নিউজের সহযোগী বার্তাপ্রধান প্রভাষ আমিন, ঢাকা ট্রিবিউন-এর বিশেষ প্রতিনিধি জুলফিকার আলী মানিকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা গণজাগরণ মঞ্চের সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা বর্ণনা করেন। তাঁরা এ সময় মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সাংবাদিকদের স্মৃতিচারণা শেষে আবৃত্তিশিল্পীদের পরিবেশনায় ছিল মুক্তিযুদ্ধের কবিতার আবৃত্তি ‘মুক্তিযুদ্ধের পঙিক্তমালা’।
গত বছরের ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে শাহবাগে আন্দোলন গড়ে তোলে তরুণ প্রজন্ম। ৫ ফেব্রুয়ারি ছিল সেই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি। এ উপলক্ষে তিন দিনের কর্মসূচির শেষ দিনে আজ শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং প্রজন্ম চত্বরে বিকেলে সমাবেশ হবে।