তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করল ১৮ দল
তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। গতকাল সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের এক বৈঠকের পর এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।কর্মসূচির মধ্যে রয়েছে: রেলের ভাড়া বৃদ্ধি ও কোম্পানি আইন সংশোধনীর উদ্যোগের প্রতিবাদে ৪ নভেম্বর দেশের সব মহানগরে বিক্ষোভ সমাবেশ, সরকারের ব্যাপক দুর্নীতির প্রতিবাদে ১২ নভেম্বর মহানগর ও জেলা-উপজেলায় গণমিছিল এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ।এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৯ নভেম্বর কক্সবাজারে রামুর বৌদ্ধপল্লি পরিদর্শনে যাবেন বলে মির্জা ফখরুল জানান। তিনি খালেদা জিয়ার ভারত সফরকে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্কোন্নয়নের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ভারতের অমীমাংসিত বিভিন্ন বিষয় সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেনের বিকল্প রাজনৈতিক ঐক্য তৈরির উদ্যোগ নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য তাঁদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশমাত্র। একটি গণতান্ত্রিক দেশে যে কারোরই রাজনীতি করার অধিকার রয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।