তিন দিনের পথনাটক উৎসব শুরু
‘ধরো হাত কণ্ঠে রাখো জোর, জীর্ণতার আঁধারে ভেঙ্গে আসবে ভোর’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী পথনাটক উৎসব। রাজশাহী ইউনিভর্সিটি ড্রামা অ্যাসোসিয়েশন (রুডা) আয়োজিত এ উৎসবে তিন দিনে নয়টি নাটক মঞ্চস্থ হবে।
গতকাল শনিবার সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন রাজশাহী ইউনিভর্সিটি ড্রামা অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি এনামুল কবির বিশ্বাস। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও ড্রামা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সদস্য অধ্যাপক ছাদেকুল আরেফিন। এ সময় সংগঠনটির সভাপতি শাহাবুদ্দিন সিহাবের সভাপতিত্বে অধ্যাপক ছাদেকুল আরেফিনকে সম্মাননা দেওয়া হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করেন সংগঠনের সদস্যরা।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে মনোজ মিত্রের রচনা ও ড্রামা অ্যাসোসিয়েশনের পরিবেশনায় মহাবিদ্যা, মান্নান হীরার রচনা ও সিরাজগঞ্জ মৃত্তিকা নাট্যশালার পরিবেশনায় আগুনের জবানবন্দী নাটক মঞ্চস্থ হয়। সন্ধ্যায় রাজশাহী থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হয় গিয়াস উদ্দিন সেলিমের ঠ্যারো। আজ রোববার বিকেল ও সন্ধ্যায় একই মঞ্চে বিশ্ববিদ্যালয় থিয়েটারের পরিবেশনায় সমীর দাশগুপ্তের বিফলে মূল্য ফেরত, রুডার পরিবেশনায় জিল্লুর রহমানের ট্রিটমেন্ট এবং উদীচী রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের পরিবেশনায় রোমেল রহমানের ব্লাড টেস্ট নাটক মঞ্চায়িত হবে। আগামীকাল সোমবার মঞ্চস্থ হবে মান্নান হীরার বৌ, এস্-এর শনি সংকেত এবং সমকাল নাট্যচক্রের পরিবেশনায় রাধা রমন ঘোষের হয়তো নয়তো।