তিন দিনের বিতর্ক উৎসব শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আজ থেকে তিন দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু হচ্ছে। উৎসবে ৩০টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা নিয়ে আয়োজিত এ উৎসব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সচেতন নাগরিক কমিটি (সনাক) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) যৌথভাবে এ আয়োজন করেছে।
বিতর্ক উৎসব আয়োজন উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আয়োজকেরা। এতে বলা হয়, শিল্পোন্নত দেশগুলোর কার্বন নিঃসরণসহ দূষণের কারণে বাংলাদেশের মতো যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য ক্ষতিপূরণ আদায় এবং দূষণ কমানোর বিষয়ে সচেতনতা তৈরি প্রয়োজন। আগামী ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১তম কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ) সম্মেলন। সম্মেলনে ক্ষতিপূরণ আদায়ের জন্য চাপ দিতে হবে। এ লক্ষ্যেই এখন থেকে জনমত তৈরির জন্য নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সচেতন নাগরিক কমিটি চট্টগ্রাম মহানগরের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার বলেন, জলবায়ু তহবিলের অর্থ কোন খাতে, কীভাবে ব্যয় হয়, সেটির স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্তদের পেছনে যাতে সঠিকভাবে অর্থ খরচ হয়, সেটিও নিশ্চিত করতে হবে। এসব লক্ষ্য সামনে রেখে চট্টগ্রাম থেকে জনমত তৈরির কাজ শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এ বি এম আবু নোমান, টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জাকির হোসেন খান, সচেতন নাগরিক কমিটি চট্টগ্রাম মহানগরের সহসভাপতি জেসমিন সুলতানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের আহমেদ, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার আশরাফ হোসেন।