তিন দিনের বৃষ্টিতে ঈশ্বরদী শহরে জলাবদ্ধতা
তিন দিনের বৃষ্টিতে পাবনার ঈশ্বরদী পৌরসভার নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ময়লা-আবর্জনা জমে থাকায় এখানকার অধিকাংশ নালা দিয়ে পানি বের হচ্ছে না। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন পৌর এলাকার মানুষ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, পৌরসভার কয়েকটি এলাকায় বাড়ির উঠোনে পানি জমে আছে। পিয়ারপুরে মাঠের বিভিন্ন জমির ফসল পানিতে ডুবে গেছে। অনেকের বাড়ির আঙিনায়ও পানি উঠেছে। মানুষ কষ্টে চলাচল করছে।
পৌরসভার ফতেমোহাম্মদপুর, আমবাগান, পিয়ারপুর, পিয়ারাখালী, মশুরিয়াপাড়া, রহিমপুর, নারিচাসহ নিচু এলাকার কয়েকটি নালা ভরাট হয়ে গেছে। নিয়মিত পরিষ্কার না করায় ও ময়লা-আবর্জনা ফেলে রাখায় দীর্ঘদিন ধরে নালার মুখ প্রায় বন্ধ হয়ে আছে। এরই মধ্যে গত মঙ্গলবার থেকে আষাঢ়ের অবিরাম বর্ষণ শুরু হয়েছে। ফলে নালা দিয়ে সহজে পানি বের হতে পারছে না। জমে থাকা পানি নিষ্কাশন না হওয়ায় নালার ওপর দিয়ে উপচে রাস্তা ও বাসাবাড়িতে পানি পড়ছে।
ঈশ্বরদী পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, শহরে সাড়ে ১৫ কিলোমিটার দীর্ঘ নালা রয়েছে। এর মধ্যে বড় নালা তিন কিলোমিটার, মাঝারি নালা ৬ দশমিক ১ এবং ছোট নালা ৫ দশমিক ৪৫ কিলোমিটার।
পৌরসভার সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, নালাগুলো নিয়মিত পরিষ্কার হলেও কিছু মানুষ তাদের বাসাবাড়ির ময়লা-আবর্জনা ফেলে নালার মুখ বন্ধ করে দিচ্ছেন। ফলে অল্প বৃষ্টিতেই নালার পাশে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।