তিন দিনের বৃষ্টিতে ৭৭ কোটি টাকার ধান ও সবজির ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ৩, ৪ ও ৫ নভেম্বরের টানা ঝড়বৃষ্টিতে ভোলায় শাকসবজি ও আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবমতে, এ ক্ষতির পরিমাণ প্রায় ৭৭ কোটি টাকা।
জেলা খামারবাড়ির তথ্যমতে, বাতাসে সদ্য ধানের শিষে আসা ফুল নষ্ট হয়েছে। সবজিখেতে পানি জমে গজিয়ে ওঠা বীজতলা নষ্ট হয়েছে। এভাবে ৬৬ হাজার ২৪০ হেক্টর ফসলি খেতের ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৩৪০ হেক্টর সম্পূর্ণ ক্ষতি হয়েছে। টাকার অঙ্কে এর মূল্য প্রায় ৭৭ কোটি টাকা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রশান্ত কুমার সাহা বলেন, জেলায় এ মৌসুমে ১ লাখ ৮৩ হাজার ৬৫০ হেক্টর জমিতে আমন ও শাকসবজি আবাদ করা হয়। এর সাত ভাগ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত ৭ ও ৮ নভেম্বর সরেজমিনে দেখা যায়, হেলে পড়া ধানের শিষ ও সবজিগাছ রোদে শুকিয়ে যাচ্ছে। কৃষকেরা বলেন, এতে ধান চিটায় পরিণত হচ্ছে।
দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের পরিষদের সদস্য ফারুক দৌলত বলেন, তাঁর ইউনিয়নের ১ হাজার ২৪০ জন কৃষকের ১৪ কোটি টাকার আমন ধান ও সবজির ক্ষতি হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলার উত্তর বাটামারা গ্রামের জয়দেব চন্দ্র দে, মনপুরা উপজেলার রামনেওয়াজ বাজার এলাকার মমিন হাওলাদার, চরফ্যাশন উপজেলার শাহ আলমসহ সাত উপজেলার ৪০ জন কৃষক বলেন, আমন ধান সদ্য ফুলে বেরিয়েছে। এ অবস্থায় ঝড়-বাতাসের ঝাপটায় ধানগাছ ভেঙে শুয়ে গেছে। এর ওপর রোদ পড়ায় চিটা তৈরি হয়েছে। সবজিখেত ডুবে গেছে। এতে গোটা জেলায় ২২ হাজার হেক্টরে ১০০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে।