তিন দিনের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টিআর প্রকল্পের গম ও টাকা লুটপাটের সংবাদ প্রকাশের পর গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকল্প চেয়ারম্যানদের তিন দিনের মধ্যে কাজ সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন। ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান বলেন, ‘নির্দেশ পাওয়ার পর প্রকল্প চেয়ারম্যানরা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুর রহমানকে চাপ দেন। এরপর ইউপি চেয়ারম্যান তড়িঘড়ি করে তাঁর তত্ত্বাবধানে দায়সারাভাবে বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন করা শুরু করেন। গত সোমবার আমাকে না জানিয়ে বিদ্যালয়ের বারান্দা মেরামতের কাজ শুরু করলে আমি তা বন্ধ করে দিই। কিন্তু কাজ না করলে প্রকল্প চেয়ারম্যান হিসেবে আমি ফেঁসে যাব বলে আমাকে ভয় দেখিয়ে আবার জোরপূর্বক কাজ শুরু করেন।’ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, ‘প্রকল্প চেয়ারম্যানরা প্রকল্পের কাজ করছে। আমি শুধু সহযোগিতা করছি।’ ইউএনও হামিদুল হক বলেন, ১০ জুলাই প্রকল্প চেয়ারম্যানদের তিন দিনের মধ্যে কাজ সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কর্মসূচির আওতায় ৩০৮ মেট্রিকটন গম ও জাতীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ থেকে ২৯ লাখ টাকা ব্যয়ে ২৩৬টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পের অধিকাংশ কাজ না করে অর্থ লুটপাটের অভিযোগ প্রথম আলোতে ৯ জুলাই প্রকাশ হয়।