তিন দিনের মধ্যে চমক দেখাব বলিনি: জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘তিন দিনের মধ্যে আমি চমক দেখাব, এমন কথা বলিনি। আমি বলেছিলাম, শুধু তিন দিন অপেক্ষা করেন। দেখেন কী করি। এখান থেকেই শুরু আপনারা দেখতে পাচ্ছেন।’
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম ক্লাবে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শেষে চমক দেখানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ সাংবাদিকদের এ কথা বলেন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ‘লেটস টক’ শিরোনামে ‘ডায়ালগ বিটুইন পলিটিশিয়ানস অ্যান্ড ফিউচার লিডার্স’ বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন নামে একটি প্রতিষ্ঠান। ওই অনুষ্ঠানে একটি টেলিভিশন চ্যানেল ও একটি অনলাইন নিউজপোর্টালের সাংবাদিক ছাড়া কোনো গণমাধ্যমকর্মীকে ঢুকতে দেওয়া হয়নি।
মতবিনিময় শেষে সজীব ওয়াজেদ সাংবাদিকদের বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার সেই কালো দিনে ফিরে যাবে। আমরা আর সেই কালো দিনে ফিরে যেতে চাই না।’
নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নিরসনের উপায় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ বলেন, ‘আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চাই। আমরা আলোচনা করতে রাজি। বিরোধী দল আলোচনা চাইলেও সংসদে আসবে না। তবে তিনি বলেন, সংসদের বাইরেও তাঁরা আলোচনায় প্রস্তুত।
মতবিনিময় অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে জয় তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তরুণদের সঙ্গে মতবিনিময়ের আগে সকালে চট্টগ্রাম ক্লাবে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন সজীব। এ সময় তিনি সাংগঠনিক অবস্থা জানা ছাড়াও নির্বাচনে নিজ নিজ এলাকায় দলের প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতাদের পরামর্শ দেন।
ময়মনসিংহ যাচ্ছেন আজ: সজীব ওয়াজেদ আজ রোববার ময়মনসিংহ আসছেন। বিকেল চারটার দিকে শহরের সার্কিট হাউস মাঠসংলগ্ন জিমনেসিয়ামে আওয়ামী লীগের কর্মী সমাবেশে তিনি বক্তৃতা করবেন। ঢাকা থেকে সড়কপথে আসার পথে টঙ্গী ও গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে দুটি পথসভায় তিনি বক্তৃতা করবেন।