তিন দিনের মধ্যে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের দাবি

আলোকচিত্র সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার, তাঁর ছাত্রত্ব বাতিল ও সংগঠন থেকে বহিষ্কারের জন্য তিন দিনের সময় বেঁধে দিয়েছেন সাংবাদিক নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
সাংবাদিক নেতারা বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মানা না হলে ২২ ফেব্রুয়ারি কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
গত বুধবার দুপুরে নগরের প্রবর্তক মোড়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে মারধরের শিকার হন প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীল। এ সময় তাঁর সঙ্গে চরম অবমাননাকর আচরণ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলামের নেতৃত্বে এ হামলা হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী। বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদুল ইসলাম ও যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক মোশতাক আহমেদ, নুরুল আমিন, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, বাসসের ব্যুরোপ্রধান সমীর বড়ুয়া, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন শ্যামল ও রিয়াজ হায়দার, সিইউজের বর্তমান সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, যুগ্ম সম্পাদক ম শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, নির্বাহী সদস্য ফারুক তাহের প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, সাংবাদিকদের ওপর বারবার হামলা হচ্ছে। ক্ষমতাসীন দলের প্ল্যাটফর্ম ব্যবহার করে অপরাধীরা এসব করছে। এ ব্যাপারে অপরাধীদের বিরুদ্ধে ক্ষমতাসীন দলকে সতর্ক হতে হবে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
সিইউজের সভাপতি এজাজ ইউসুফী চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলামকে ‘দুর্বৃত্ত’ ও ‘গুন্ডা’ উল্লেখ করে বলেন, ‘তাঁর ছাত্রত্ব বাতিল, ছাত্রলীগ থেকে বহিষ্কার ও জুয়েল শীলের ওপর হামলার ঘটনায় করা জিডি মামলায় রূপান্তর করে গ্রেপ্তারের জন্য আমরা মেডিকেল কলেজ প্রশাসন, পুলিশ প্রশাসন ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বকে তিন দিনের সময় দিলাম। এই সময়ের মধ্যে রাশেদুলকে গ্রেপ্তার করতে আমরা পুলিশ প্রশাসনকে আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, ২১ ফেব্রুয়ারির মধ্যে এসব দাবির বাস্তবায়ন না হলে ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের সমাবেশ থেকে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে।
এজাজ ইউসুফী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি উন্নয়নের রোডম্যাপ নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু ছাত্রলীগ নামধারী এই দুর্বৃত্তরা আপনাকে ক্ষমতায় আনেনি, ক্ষমতায় এনেছে জনগণ। এখন এসব দুর্বৃত্তের বিরুদ্ধে ব্যবস্থা নিন। নইলে আপনার সরকারের সব অর্জন নষ্ট করে দেবে এই দুর্বৃত্তরা।’
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার বলেন, ‘আলোকচিত্র সাংবাদিক জুয়েল শীলের সঙ্গে যে চরম অবমাননাকর আচরণ করা হয়েছে, তা গোটা সাংবাদিক সমাজের জন্য অপমানজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস দুর্বৃত্তদের আখড়ায় পরিণত হয়েছে কি না, এই প্রশ্ন আমাদের। দ্রুত সময়ের মধ্যে রাশেদুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ রাস্তা ছেড়ে যাবে না। সাংবাদিক ইউনিয়ন যে কর্মসূচি দেবে, তা বাস্তবায়ন করে ঘরে ফিরবে।’
চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ বলেন, জুয়েল শীলকে যারা মারধর করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত সাংবাদিক সমাজ ঘরে ফিরে যাবে না।