
ময়মনসিংহ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের ছাত্র মুহ্তাসিম বিল্লাহ হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তাঁরা পুলিশকে ৭২ ঘণ্টার মধ্যে জড়িত লোকদের গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দিয়েছেন।
ঘটনার দুই দিন পরও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। গতকাল বেলা ১১টায় শহরের শ্যামাচরণ রায় সড়কে কলেজের সামনে শিক্ষক ও সাত শতাধিক শিক্ষার্থী মানববন্ধন করেন। এ সময় কলেজের শিক্ষকেরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, মুহ্তাসিমের মৃত্যুর পর ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ঘোষণা দিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা হবে। কিন্তু ২৪ ঘণ্টার অনেক বেশি সময় পার হয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। একটি মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করায় ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী খুন করে মুহ্তাসিমকে।
শিক্ষকেরা আরও বলেন, দীর্ঘদিন ধরে শহরের টাউন হল মোড় এলাকায় কিছু সন্ত্রাসী সন্ধ্যার পর ছিনতাইসহ নানা অপকর্ম করে যাচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানানোর পর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পুলিশের উদ্দেশে শিক্ষকেরা আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করে বিচারের প্রক্রিয়া শুরু করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে। তখন ওই দায়ও প্রশাসনকেই নিতে হবে। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ এ কে এম আবদুর রফিক, সহকারী অধ্যাপক মফিজুন নূর, এ কে এম দেলোয়ার হোসেন ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনায়েতুর রহমান।
মানববন্ধন শেষ শ্যামাচরণ রায় সড়কে মুহ্তাসিমের সহপাঠীরা বিক্ষোভ মিছিল বের করে। তারা খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে স্লোগান দেয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের টাউন হল মোড়ে মুহ্তাসিম বিল্লাহকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। সে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তার বাড়ি ফুলবাড়িয়া উপজেলার বরুকা গ্রামে।
শুক্রবার রাতে মুহ্তাসিমের বাবা এমদাদুল হক বাদী হয়ে ময়মনসিংহের একটি বেসরকারি কলেজের একজন শিক্ষার্থীসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১১ জনকে আসামি করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পুলিশ তদন্ত ও কৌশলগত কারণে আসামিদের নাম বলতে রাজি হয়নি।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম বলেন, ‘খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলাম এবং তা আমরা দ্রুতই বাস্তবায়ন করব। পুলিশ খুনিদের ধরতে মাঠে কাজ করে যাচ্ছে। আশা করি, খুব দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’