বৌদ্ধধর্মাবলম্বীদের বাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন, যথাযথ ক্ষতিপূরণ দান ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে সরকারকে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন বুদ্ধিজীবী এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীরা।কক্সবাজারের রামুর ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।সমাবেশে বিশিষ্টজনেরা বলেন, সরকার ব্যর্থ হলে আগামী সাত দিনের মধ্যে নাগরিক সমাজের প্রতিনিধিরাই তদন্ত কমিটি গঠন ও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।সমাবেশ শেষে একটি মিছিল শাহবাগ থেকে রাজু চত্বর হয়ে চারুকলা ইনস্টিটিউটের সামনে শেষ হয়।সমাবেশে সভাপতির বক্তৃতায় গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, আগামী তিন দিনের মধ্যে রামুর ঘটনার নিরপেক্ষ তদন্তে কমিশন গঠন করতে হবে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া ও হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সরকার গড়িমসি করলে আগামী সাত দিনের মধ্যে নাগরিকেরাই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদন্ত কমিশন গঠন করবে। সমাবেশ ডেকে বৃহৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’রামুর ঘটনা সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক বিষয়—এ মন্তব্য করে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘নাগরিকদের পক্ষ থেকে এই রাজনৈতিক বিষয় মোকাবিলা করা হবে। এ জন্য রাজনীতিবিদদের সহযোগিতা চাইব। সহযোগিতা না করলে ধরে নেব, তাঁরাই এই ঘটনার সঙ্গে জড়িত।’নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ বলেন, ‘এই আক্রমণ পরিকল্পিত। দিনের পর দিন দেশটি অমানবিক রাষ্ট্রে পরিণত হচ্ছে।...সরকার ও বিরোধী দল উভয়কেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’ কথাসাহিত্যিক, সাংবাদিক আনিসুল হক বলেন, ‘যতই দিন যাচ্ছে প্রতিবাদের জায়গাগুলো ছোট হয়ে আসছে। এর মধ্য থেকেই সম্প্রীতির জায়গাগুলো বের করতে হবে। প্রতিবাদ করে যেতে হবে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতা সুকোমল বড়ুয়া বলেন, ‘আমরা আক্রান্ত হয়েছি। আমাদের সব শেষ। আমরা আপনাদের সাহায্য-সহানুভূতি চাই। সরকার-এনজিওসহ সব স্তরের নাগরিক সমাজের কাছে এর চেয়ে বেশি আমাদের কিছুই পাওয়ার নাই। আপনারা আমাদের পাশে দাঁড়ান।’ সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি. আর আবরার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের শিক্ষক মানস চৌধুরী, চলচ্চিত্র পরিচালক মহম্মদ হান্নান, সাংবাদিক ও উপস্থাপক অঞ্জন রায়, লেখক, সাংবাদিক ফারুক ওয়াসিফ, ছড়াকার, প্রকাশক রবিন আহসান, বৌদ্ধ ভিক্ষু সুনেন্দ্র প্রিয়, গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকী, ফিরোজ আহমেদ, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ প্রমুখ।