ঢাকা-নারায়ণগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন পথে বর্ধিত বাসভাড়া আগামী তিন দিনের মধ্যে প্রত্যাহার না করলে হরতাল দেওয়া হবে। গতকাল সোমবার শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নামের সংগঠনের নেতারা এই ঘোষণা দেন।সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, জেলা জাসদের (ইনু) সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন আহম্মেদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক দুলাল সাহা ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা।সমাবেশে বক্তারা বলেন, পরিবহন মালিক ও বিআরটিএর যোগসাজশে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব বেশি দেখিয়ে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে।অবিলম্বে বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ পথের ভাড়া ২৪ টাকার বেশি ও নারায়ণগঞ্জ-চিটাগাং রোড রুটের ভাড়া ১৪ টাকার বেশি তাঁরা কোনোভাবেই মেনে নেবেন না। অবিলম্বে ঢাকা-নারায়ণগঞ্জ পথে সর্বোচ্চ ১৬ টাকা ভাড়ায় বিআরটিসি বাস চালুর দাবি জানান তাঁরা।