তিন দিনের মধ্যে সব অনিয়মের জবাব দিতে বেসিক ব্যাংককে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্ষদের সিদ্ধান্তে সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ দেওয়াসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে ২৬ আগস্ট সোমবারের মধ্যে কৈফিয়ত দিতে হবে বেসিক ব্যাংককে। বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার ব্যাংকটির কাছে এ কৈফিয়ত চেয়েছে।

৭ আগস্ট বেসিক ব্যাংকের কাছে তাদের ধরা পড়া অনিয়মগুলোর বিষয়ে জবাব চেয়ে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সময় দেওয়া হয়েছিল ১০ দিন। কিন্তু জবাব দিতে বেসিক ব্যাংক অতিরিক্ত সময় চায়। এর কারণ হিসেবে তারা জানায়, ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল হাই দেশে নেই। তিনি দেশে এলে পর্ষদ সভা করে জবাব দেওয়া হবে।

কিন্তু কেন্দ্রীয় ব্যাংক গতকাল ফিরতি চিঠিতে তিন কার্যদিবস অর্থাৎ ২৬ আগস্টের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে। চিঠিতে বলা হয়, পর্ষদ বৈঠক করে পরে আর কিছু বলার থাকলে পরে বলবে। কিন্তু ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তিন দিনের মধ্যে জবাব দিতে হবে। উল্লেখ্য, গত রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংকের চেয়ারম্যান ও এমডিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বেসিক ব্যাংকের ১১টি (২০১২ সালের ৫ এপ্রিল থেকে গত ২ মার্চ পর্যন্ত) পর্ষদ সভায় অনুমোদন দেওয়া সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণের গুরুতর সব অনিয়ম তুলে ধরেন। এ নিয়ে প্রথম আলোতে ‘সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি’ শিরোনামে খবর প্রকাশিত হয়।