তিন দিনের মাথায় ভাঙন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনর্নির্মাণের তিন দিনের মধ্যে ভাঙতে শুরু করেছে পঞ্চগড় চিনিকল ভায়া মাড়েয়া-দেবীগঞ্জ পর্যন্ত আঞ্চলিক সড়কটি। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন ১৭ কিলোমিটার দীর্ঘ এ সড়কের বিভিন্ন স্থান থেকে পিচ উঠে গেছে। কোথাও কোথাও বেরিয়ে এসেছে বালু, পাথর। কোথাও দেবে গেছে।
সওজ রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাফিজুর রহমানের নেতৃত্বে সওজের একটি দল গত বুধবার সড়কটি পরিদর্শন করে। দলে ছিলেন দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বুলবুল হোসাইন ও পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিকী। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জানা গেছে, ঠিকাদারকে ওই অংশগুলো নতুন করে নির্মাণ করে দিতে বলা হয়েছে।
সওজ সূত্রে জানা গেছে, গত বছর সড়কটির ১৭ কিলোমিটার অংশ পুনর্নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। ধ্রুব কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। চলতি মাসেই কাজটি শেষ হওয়ার কথা। সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয় ৬ কোটি ৮১ লাখ টাকা। কাজ শেষ হলে ১২ জানুয়ারি রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু তিন দিনের মাথায় রাস্তার বিভিন্ন জায়গা ফুলে উঠতে শুরু করে। কোথাও থেকে পিচ, কোথাও পাথর উঠে যেতে থাকে। প্রায় কয়েক কিলোমিটার রাস্তায় ফাটল দেখা দেয়।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, রাস্তার নির্মাণকাজে বালুর পরিমাণ অত্যন্ত বেশি। পাথর, বালু ও বিটুমিনের মধ্যে মিশ্রণ ঠিকভাবে হয়নি। রোলিংও হয়নি ঠিকমতো।
গত বুধবার ওই সড়ক-সংলগ্ন এলাকাবাসীর সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, নতুন করে সড়কটি নির্মাণের তিন দিনের মধ্যে ভাঙতে শুরু করে। নির্মাণকাজের সময় সওজ কর্মকর্তাদের উপস্থিতি ছিল কম আর তদারকিতেও গাফিলতি ছিল।
টাকাহারা এলাকার দেবীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র শেখ ফরিদ বলেন, ১২ জানুয়ারি নির্মাণকাজ শেষ হয়। ১৫ জানুয়ারি থেকে রাস্তাটি ভাঙতে শুরু করে।
টাকাহারা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ফজলুর রহমান (৫৫) বলেন, সড়কের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। অনেকে স্থানে পরে বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। টাকাহারা এলাকার ইয়াকুব আলী (৬৩) বলেন, ‘আগুতেই হামার ভাল ছিল। রাস্তাটা এলা বেশি খারাপ হয়ে গেইল।’
পঞ্চগড় সওজের নির্বাহী প্রকৌশলী নেই। পঞ্চগড়ের দায়িত্বে আছেন নীলফামারীর নির্বাহী প্রকৌশলী। গত বুধবার বিকেলে তাঁর কার্যালয়ে গিয়ে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিকী বলেন, সড়কটির নির্মাণকাজের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা উপবিভাগীয় প্রকৌশলী নুরুল আলমকে প্রয়োজনীয় তথ্য দিতে বলেছি।’ নুরুল আলম বলেন, ‘কেন যে এমন হলো বুঝতে পারছি না। ঠিকাদারি প্রতিষ্ঠান আবার সড়কটি নির্মাণ করে দেবে।’
ধ্রুব কনস্ট্রাকশন লিমিটেডের প্রকৌশলী কাজী হেলাল বলেন, ‘আমরা প্রাক্কলন অনুযায়ী গুণগত ও মানসম্পন্ন উপকরণ ব্যবহার করেছি। সড়কটি মূলত ২২ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন পরিবহন চলাচলের উপযোগী। কিন্তু পার্শ্ববর্তী করতোয়া নদী থেকে বালুবোঝাই ৩০/৪০ মেট্রিক টনের ট্রাক এ রাস্তায় চলাচল করায় এই অবস্থা হয়েছে।’