সিলেটে বিএনপি রাজনীতির প্রভাবশালী নেতা সামসুজ্জামান জামান মহানগর বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। গতকাল সোমবার তিনি বিএনপির কেন্দ্রীয় মহাসচিব বরাবর পদত্যাগপত্র দাখিল করেন।দলীয় সূত্র জানায়, ৫ নভেম্বর কেন্দ্র থেকে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষিত হয়। নবগঠিত কমিটিতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে নিষ্ক্রি থাকা এম এ হককে সভাপতি ও আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে থাকা আবদুল কাইয়ূম জালালীকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম সম্পাদক পদে ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান জামান। মহাসচিব বরাবর ফ্যাক্সযোগে পাঠানো পদত্যাগপত্রে তিনি ‘সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালনে সক্ষম হব না...’ বলে উল্লেখ করেন। যোগাযোগ করলে সামসুজ্জামান প্রথম আলোর কাছে পদত্যাগের কারণ ‘ব্যক্তিগত’ বলে দাবি করলেও দলের একাধিক সূত্র জানিয়েছে, কেন্দ্র থেকে ঘোষিত কমিটি তাঁর মনঃপূত না হওয়ায় তিনি সরে পড়েছেন।