তিন দিনের রিমান্ডে জেএমবির সদস্য মিনহাজুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য মিনহাজুল ইসলাম ওরফে সাজিল ওরফে সজীবকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় করা সন্ত্রাস দমন আইনের মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদের এ আদেশ দেন।
বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে মিনহাজুলকে আদালতে হাজির করা হয়। তবে আদালতে তাঁর কোনো স্বজন কিংবা আইনজীবী ছিলেন না।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কেদারপুর এলাকা থেকে মিনহাজুলকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। মিনহাজকে গত ২৩ সেপ্টেম্বর নগরের সদরঘাটে ছিনতাইয়ের ঘটনায় এবং ৫ অক্টোবর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় গ্রেনেড, অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখায় নগর ডিবি পুলিশ।