তিন দিনের রিমান্ডে মাহমুদুর রহমান

দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করতে আজ বুধবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে রমনা থানায় করা মামলায় ঢাকার মহানগর হাকিম হারুন অর রশিদ এ আদেশ দেন। পুলিশ ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল।
এ মামলায় আদালতে নিজের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করেননি মাহমুদুর রহমান। আদালতে নিজেই কথা বলেন তিনি।
আদালতকে মাহমুদুর রহমান বলেন, এ মামলায় তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট।
মাহমুদুর রহমান অভিযোগ করেন, ইতিপূর্বে তাঁকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। আদালত চিকিত্সার নির্দেশ দিয়েছিলেন; কিন্তু তা মানা হয়নি। আজও তাঁকে চিকিত্সকের পরামর্শের বাইরে আদালতে হাজির করা হয়েছে। তিনি অভিযোগ করেন, রিমান্ড পুলিশের বাণিজ্য এবং সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহূত হচ্ছে। আদালতও এর দায় এড়াতে পারেন না। শুনানি শেষে মাহমুদুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ১১ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে পত্রিকাটির কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই দিনই মাহমুদুর রহমানকে ১৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।
একই সঙ্গে ওই দিন রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পত্রিকাটির ছাপাখানায় তল্লাশির পর তালা লাগিয়ে দেয় পুলিশ। এ সময় পত্রিকা মুদ্রণে ব্যবহূত যন্ত্রপাতিরও জব্দ তালিকা তৈরি করা হয়।