তিন দিনের রিমান্ডে শওকত মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিমান্ড আবেদনের শুনানি শেষে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে সাংবাদিক শওকত মাহমুদকে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গণ থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
রিমান্ড আবেদনের শুনানি শেষে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে সাংবাদিক শওকত মাহমুদকে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গণ থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

গাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত জামিনের আবেদন নাকচ করে দেন। মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় গাড়ির চালক অগ্নিদগ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। আসামি বিভিন্ন হরতাল, অবরোধে ও মিছিলে ককটেল, বোমার বিস্ফোরণসহ রাস্তায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ হত্যার নির্দেশ দেন। ওই ঘটনার সঙ্গে আসামির জড়িত থাকার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।
আসামিপক্ষের আইনজীবীরা বলেন, শওকত মাহমুদের নাম এজাহারে নেই। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ঠিক নয়। ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। মামলা দায়েরের দীর্ঘদিন পর শুধু রাজনৈতিকভাবে হয়রানি করতে গ্রেপ্তার ও রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে নেওয়ার কোনো উপাদান নেই। তাই জামিন পেতে পারেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১৫ সালের ৯ জানুয়ারি রমনা থানার মগবাজার এলাকার সেলিব্রেশন কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ওই থানার এসআই আতিকুর রহমান মামলাটি করেন।
রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদকে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।