তিন দিনের রিমান্ডে শাহীন মোল্লার চাচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে চোখ উপড়ে ও কবজি কেটে তরুণকে হত্যা মামলার অন্যতম আসামি শেফালী বেগমের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। চাচাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে দুই চোখ উপড়ে ও দুই হাতের কবজি কেটে শাহীন মোল্লা (১৮) নামে ওই তরুণকে হত্যা করা হয়। আসামি শেফালী বেগম হত্যাকাণ্ডের শিকার শাহীন মোল্লার চাচি।
শেফালী বেগমকে গতকাল রোববার গোপালগঞ্জের আমলি আদালতে (সদর) হাজির করে ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা। ওই আদালতের হাকিম নুসরাত জাবিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শেফালী বেগম এই হত্যা মামলার পাঁচ নম্বর আসামি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর কোর্টের সাধারণ নিবন্ধন শাখার এসআই শাহাদাত হোসেন বলেন, আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে শেফালীকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন। এর আগে শুক্রবার রাতে সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর গ্রামে শেফালী বেগমকে তাঁর মামা পাশা উকিলের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে থানায় নিয়ে আসা হয় শেফালী বেগমের ১৩ বছরের মেয়েকে। এই মেয়ের সঙ্গেই প্রেমের সম্পর্ক ছিল চাচাতো ভাই শাহীনের। এতে ক্ষুব্ধ হয়ে চাচা লায়েক ও তিন চাচাতো ভাই শাহীনকে নৃশংসভাবে হত্যা করে। ১৮ জুলাই সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের চর পাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন শাহীনের বাবা শওকত আকবর মোল্লাকে কুপিয়ে আহত করা হয়। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় শাহীন মোল্লার ছোট ভাই তুহিন মোল্লা গত সোমবার গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় চাচা লায়েক মোল্লা, চাচি শেফালী বেগম, তিন চাচাতো ভাই রবিউল, শরিফুল ও আরিফুল এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়।