তিন দিনের রিমান্ডে 'হামজা ব্রিগেড' সদস্য আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক জঙ্গি সংগঠনকে অস্ত্র ও গুলি সরবরাহের অভিযোগে গ্রেপ্তার আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ডে নিয়েছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার তাঁকে বাঁশখালী আদালতে হাজির করা হয়। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাজ্জাদ হোসেন এ আদেশ দেন।

গত ৫ জুন আনোয়ার হোসেনকে চট্টগ্রাম নগরের এ কে খান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে হালিশহর থানার অস্ত্র ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। র‍্যাব বলছে, হামজা ব্রিগেডের সদস্য আনোয়ার। গত ২৮ ফেব্রুয়ারি হালিশহরের একটি বাসা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছিল র‍্যাব। উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক শহীদ হামজা ব্রিগেডের বলে দাবি করে র‍্যাব।

বাঁশখালী আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর প্রথম আলোকে বলেন, বাঁশখালী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে র‍্যাব। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাঁর পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিল না। শুনানিকালে আদালত আনোয়ারের বক্তব্য জানতে চাইলে তিনি নিজেকে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন। শহীদ হামজা ব্রিগেড সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই বলেও আদালতকে জানান।

র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, গত ২১ ফেব্রুয়ারি বাঁশখালীর লটমনি পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণের জন্য অস্ত্র ও গুলি সরবরাহে আনোয়ারের সম্পৃক্ততা পাওয়ায় তাকে বাঁশখালীর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।