তিন দিনের সফরে আজ নেদারল্যান্ডস যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা। খবর বাসসের।
সফরে শেখ হাসিনা নেদারল্যান্ডসের প্রশাসনিক রাজধানী দ্য হেগের গ্র্যান্ড হোটেল আমরাথ কুরহাউসে অবস্থান করবেন।
ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে শেখ হাসিনার এই সফরে প্রধানমন্ত্রী আগামীকাল বুধবার সরকারি বাসভবন ‘ক্যাটশুইজে’ দ্বিপক্ষীয় বৈঠক করবেন। মানবসম্পদ উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা, তৈরি পোশাকশিল্প, কৃষি ও শিক্ষা, বদ্বীপ ব্যবস্থাপনাসহ পানিসম্পদ ব্যবস্থাপনা জোরদারের বিষয় গুরুত্ব পাবে। দুই দেশ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করবে। সেখানে নেদারল্যান্ডসে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবেন।
সফরে শেখ হাসিনা নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে রাজপ্রাসাদে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী ৫ নভেম্বর আমস্টারডাম থেকে দেশের উদ্দেশে রওনা দিয়ে ৬ নভেম্বর সন্ধ্যায় দেশে ফিরবেন।