তিন দিনের সফরে আজ সস্ত্রীক ঢাকা আসছেন টনি ব্লেয়ার
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তিন দিনের সফরে আজ দুপুরে তাঁর স্ত্রী চেরি ব্লেয়ারকে নিয়ে ঢাকায় আসছেন। বাংলাদেশে অবস্থানের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, টনি ব্লেয়ার একটি বিশেষ বিমানে করে কুয়ালালামপুর থেকে ঢাকায় পৌঁছাবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। সন্ধ্যায় তিনি পররাষ্ট্র ভবনে তাঁর সম্মানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির দেওয়া নৈশভোজে যোগ দেবেন। আগামীকাল শনিবার সকালে টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ওইদিন বিকেলে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তাঁর হেয়ার রোডের বাসায় দেখা করবেন। সন্ধ্যায় তিনি ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার স্টিভেন ইভান্সের বাসভবনে এক নৈশভোজে অংশ নেবেন। আগামী রোববার সকালে টনি ব্লেয়ারের ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা টনি ব্লেয়ারকে বাংলাদেশ সফরের সময় ভিআইপি মর্যাদা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে। ঢাকা সফরের সময় তিনি ব্রিটিশ হাইকমিশনারের বাসায় থাকবেন।