তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন জার্মানির পররাষ্ট্রসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির পররাষ্ট্রসচিব মার্টিন বিজেল কাল বুধবার তিন দিনের সফরে ঢাকায় আসছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, তাঁর এই সফরের সময় দুই দেশের বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের বিষয়টি প্রাধান্য পাবে।ঢাকায় জার্মানির দূতাবাস গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সফরের সময় মার্টিন বিজেল বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ ও পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকগুলোতে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।দুই দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে মার্টিন বিজেল কাল দুপুরে বাংলাদেশ-জার্মানি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক মধ্যাহ্ন ভোজসভায় বক্তৃতা দেবেন।২৬ নভেম্বর মার্টিন বিজেলের চট্টগ্রাম সফরের কথা। তিনি সেখানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের নির্মিত দুটি কনইেটনার জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। জার্মানির প্রতিষ্ঠান গ্রোনা শিপিংয়ের জন্য ওই জাহাজ দুটি নির্মিত হয়েছে।প্রসঙ্গত, ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে এখন পর্যন্ত ৪৪০ কোটি ইউরোর আর্থিক সহায়তা দিয়েছে জার্মানি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিবাজার জার্মানি। গত বছর দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ২৩০ কোটি ইউরো।