তিন দিনের সফরে ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিন দিনের সরকারি সফরে গতকাল শনিবার ঢাকা পৌঁছেছেন। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর আমন্ত্রণে তিনি ঢাকা সফরে এসেছেন। খবর বাসসের।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী গতকাল সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। আজ রোববার সকালে তাঁদের মধ্যে বাণিজ্য ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে চীনের সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সার্বিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, ঢাকায় অবস্থানকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

কর্মকর্তারা আরও জানান, এই সফরের প্রধান লক্ষ্য এ বছরের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকালে দুই দেশের মধ্যে যেসব সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, তার অগ্রগতি পর্যালোচনা।